১০ অক্টোবর, ২০২২ ১৫:৩৫
শ্রীলঙ্কার কাছে বিব্রতকর হারের পর বাংলাদেশ তাকিয়ে ছিল ভারত বনাম থাইল্যান্ড ম্যাচের দিকে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে থাইদের হার চেয়েছে তারা মনেপ্রাণে। আর এ ম্যাচে পাকিস্তানকে হারানো থাইল্যান্ড পাত্তা পায়নি ভারতের কাছে। প্রতিপক্ষকে ৩৭ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে গত আসরের ফাইনালিস্টরা।
লক্ষ্যে নেমে তৃতীয় ওভারে শেফালি ভার্মার (৮) উইকেটটি হারানো ছাড়া আর কোনও বাধার মুখোমুখি হয়নি ভারত। সাভিনেনি মেঘানা ২০ ও পুজা বাস্ত্রকর ১২ রানে অপরাজিত থেকে দলকে জেতান।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪১ রানের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে ৩৭ রানে থেমে যায়। ৩ রানের হারে খাদের কিনারায় নিগার সুলতানা জ্যোতির দল। তাদের স্বস্তি এনে দিলো ভারত। এখন মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলে সেমিফাইনালে উঠে যেতে পারে বাংলাদেশ।
টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে যোগ দেওয়া থাইল্যান্ডের পক্ষে কেবল একজনই দুই অঙ্কের ঘরে রান করেন। নান্নাপাত কোনচারোয়েঙ্কো করেন ১২ রান। তারপর আর কেউই দাঁড়াতে পারেননি ক্রিজে।
স্নেহ রানা নিজের তিন ওভারে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাত্র ৯ রান দিয়ে। এছাড়া দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড় দুটি করে উইকেট নেন। মাত্র ১৫.১ ওভারে অলআউট হয় থাইল্যান্ড।
ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা উঠে গেছে সেমিফাইনালে। শেষ জায়গাটির লড়াইয়ে আছে থাইল্যান্ড ও বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে চারে থাইরা, আর দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে স্বাগতিকরা। এই ম্যাচ থাইল্যান্ড হারলে আমিরাতকে হারিয়ে শেষ চারে উঠতে পারে বাংলাদেশ। ম্যাচটি জিতলেই থাইদের সমান ৬ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থেকে পরের ধাপে যাবে তারা।
আপনার মন্তব্য