স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২ ১৩:০৬

থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ভারত। শুরুতের ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তুলে হার্মানপ্রিত কৌররা। জবাবে খেলতে নেমে ৭৪ রানে থেমেছে থাইল্যান্ডের ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান থাই দলনেতা নারুমোল চাওয়াই। টস হেরে ব্যাট করতে নেমে ১৩ রানে আউট হন ওপেনার শ্রীমতি মান্ধানা। আরেক ওপেনার শেফালি ভার্মা আউট হওয়ার আগে মাত্র ২৮ বলে তুলেন ৪২ রান।

তৃতীয় উইকেট জুটিতে দারুণভাবে ব্যাট করতে থাকেন দলনেতা হার্মানপ্রিত কৌর ও জেমিমা রদ্রিগেজ। এ সময় মনে হচ্ছিলো বড় সংগ্রহ পাচ্ছে দল। কিন্তু এই দুই ব্যাটার আউট হলে পরে খুব একটা সুবিধা করতে পারেননি বাকি ব্যাটাররা। ২৭ রানে জেমিমা ও ৩৬ রানে হার্মানপ্রিত আউট হন। এছাড়া ২ রানে রিচা ঘোষ ও ৩ রানে দিপ্তী শর্মা আউট হন। আর ১৩ বলে ১৭ রানে অপরাজিত থাকেন পূজা ভাস্ত্রেকার।

থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শর্নারিন টিপ্পোচ। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে সুবিধা করতে পারেননি থাই ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও মাত্র দুজন ব্যাটারই পেরেছেন দুই অঙ্কের ঘর স্পর্শ করতে। দলনেতা নারুইমোল চাওয়াই ও নাতায়া বোচাথাম ২১ রান করে করেছেন। ৫ রান করে করেন নান্নাপাত, টিপ্পোনি ও কানোহ। এছাড়া ৪ রান করেন চান্থাম।

ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দিপ্তী শর্মা। দুটি উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন রেনুকা সিং, স্নেহা রানা ও শেফালি ভার্মা।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে ভারত।

আপনার মন্তব্য

আলোচিত