১৭ অক্টোবর, ২০২২ ০১:৩১
এল ক্লাসিকোর প্রথম লেগের আগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট ছিল সমান, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ছিল কাতালান ক্লাবটি। এই ম্যাচে কোনো দল না জিতলে সে আগের মতোই বার্সা থাকত শীর্ষে। তবে লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নদের সেটা কি আর সহ্য হয়? তাই জিতে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রিয়াল। করিম বেনজেমা এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভেরদে। শেষ দিকে ফেররান তরেস ব্যবধান কমালে জমে ওঠে লড়াই। তবে যোগ করা সময়ে রদ্রিগোর গোলে শেষ হয়ে যায় সফরকারীদের ঘুরে দাঁড়ানোর আশা।
গোছানো ফুটবল দিয়ে শুরু করা রিয়াল মাদ্রিদ প্রথম গোল পায় ম্যাচের ১২তম মিনিটে। রিয়ালের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের একক চেষ্টা প্রতিহত করেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। ফিরতি বল পেয়ে চার বার্সা ডিফেন্ডারের মাঝ থেকে লক্ষ্যভেদ করেন বেনজেমা।
২৫তম মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন রবের্ত লেভানদোভস্কি। সতীর্থ রাফিনহোর বাড়ানো বলে গোলমুখের সামনে থেকে স্লাইডে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি।
ম্যাচের ৩৫তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বার্সেলোনা। সতীর্থ মদির পাস থেকে বল পেয়ে জোড়ালো গড়ানো শটে দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুন করেন রিয়ালের উরুগুইয়ান ফুটবলার ফেদে ভালভার্দে।
বিরতিতে যাওয়ার আগে আরও একবার সুযোগ হাতছাড়া করেন লেভানডোভস্কি। ৪৩তম মিনিটে তার হেড উড়ে যায় গোলপোস্টের উপর দিয়ে।
বিরতি থেকে ফেরার পর যেন একটু ঝিমিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। সেই সুযোগে বার্সেলোনা বেশ কয়েকটি আক্রমণ করলেও তাতে ধার ছিল বড্ড কম! এরপর আক্রমণের ধার বাড়াতে একসাথে তিন পরিবর্তন আনেন বার্সা কোচ জাভি।
বদলি হিসেবে নেমে বেশ দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন বার্সার স্প্যানিশ ফুটবলার আনসু ফাতি। তবে দুর্দান্ত শট লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ দিকে রিয়ালের রক্ষণভাগে ঝড় তোলা বার্সা ম্যাচে নিজেদের একমাত্র গোলের দেখা পায় ম্যাচের ৮৩তম মিনিটে। ফাতির কাছ থেকে বল পেয়ে ঠিকঠাক ব্যাকহিল করতে পারেননি লেভানডোভস্কি। ফিরতি বলে লক্ষ্যভেদ করে বার্সাকে ম্যাচে ফেরান তোরেস।
কিন্তু এরপর সমতাসূচক গোল করার বদলে উল্টো আরও এক গোল হজম করে কাতালান ক্লাবটি। ম্যাচের ৯০তম মিনিটে রিয়ালের রদ্রিগোকে নিজেদের বক্সে ট্যাকল করেন এরিক গার্সিয়া। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে বার্সার কফিনে শেষ পেরেক পুতে দেন রদ্রিগো। ৩-১ গোলের জয়ে ৯ ম্যাচে আট জয় ও এক ড্র-তে ২৫ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল। সমান ম্যাচে সাত জয় ও সমান একটি করে হার ও ড্র-তে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা।
আপনার মন্তব্য