স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২ ১৫:৫৭

বাংলাদেশকে ১৬১ রানের টার্গেট দিল আফগানিস্তান

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। শুরুতে ধীর গতিতে এগোলেও  শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬০ রান তোলে আফগানরা।

অফফর্মের কারণে ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আজ প্রস্তুতি ম্যাচে ফিরেছেন স্কোয়াডে। তবে মাঠের খেলায় ফিরে আবারও ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার। চার ওভার বোলিং করে রান দিয়েছেন ৩১, উইকেট পাননি একটিও।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ দল। তবে শেষের ১০ ওভারে খেই হারিয়ে ফেলে। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। হজরতউল্লাহ জাজাইকে (১৬ বলে ১৫) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানান তাসকিন আহমেদ।

ঝড় তুলতে চেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ১৮ বলে ২৬ রানে তার উইকেটটি তুলে নেন সাকিব, আফিফ ধরেন ক্যাচ। নবম ওভারে ৬১ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরানও ৫ রানের বেশি করতে পারেননি। কিন্তু ইব্রাহিম জাদরান এবং শেষদিকে মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। সাকিবও ২ উইকেট নিয়েছেন তবে খরচ করেছেন ৪৬ রান। মোস্তাফিজ ৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

আপনার মন্তব্য

আলোচিত