১৯ অক্টোবর, ২০২২ ১৬:১৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে জিম্বাবুয়েকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার হোবার্টে ‘বি’ গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ৩১ রানে। ১৫৩ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১২২ রানে গুটিয়ে দিয়েছে তারা।
আসরে প্রথমবার সুযোগ পেয়ে ৩৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন ওপেনার জনসন চার্লস। পরে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দেড়শ ছাড়ায় পাওয়েলের ব্যাটে। পাঁচ নম্বরে নেমে ২১ বলে ২ চার ও এক ছক্কায় তিনি করেন ২৮ রান।
আয়ারল্যান্ডকে হারিয়ে আসর শুরু করা জিম্বাবুয়ে এবার ব্যাটিংয়ে লড়াই জমাতেই পারেনি। ত্রিশ স্পর্শ করতে পারেনি তাদের কেউই।
৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আলজারি জোসেফ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে ২৫ বছর বয়সী এই পেসারের হাতে।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৮ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সুপার টুয়েলভে যাওয়ার পথে ভালোভাবেই টিকে রইল দুইবারের চ্যাম্পিয়নরা।
অসুস্থতায় জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন এই ম্যাচে খেলতে পারেননি। টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে কাইল মেয়ার্সকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
ব্রান্ডন কিংয়ের জায়গায় সুযোগ পাওয়া চার্লস এরপর এভিন লুইসকে সঙ্গী করে এগিয়ে নেন দলকে। একটা পর্যায়ে চার্লসের রান ছিল ২২ বলে ২২। পরের টানা তিন বলে রায়ান বার্লকে একটি ছক্কা ও দুটি চার মেরে রানের গতিতে দম দেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।
লুইস যদিও ইনিংস বড় করতে পারেননি (১৫)। তার বিদায়ের একটু পরই নামে বড় ধস।
শন উইলিয়ামসের করা ত্রয়োদশ ওভারে অধিনায়ক নিকোলাস পুরান বোলারকে ফিরতি ক্যাচ দেওয়ার পর রান আউট হয়ে যান চার্লস। পরের ওভারে সিকান্দার রাজা ফিরিয়ে দেন শামার ব্রুকস ও জেসন হোল্ডারকে।
২ উইকেটে ৯০ রানের ভালো অবস্থানে থেকে দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১০১!
এরপর সপ্তম উইকেটে আকিলের সঙ্গে ৩৫ বলে ৪৯ রানের জুটিতে দলকে উদ্ধার করেন পাওয়েল। ১২ রানে একবার জীবন পাওয়া এই ব্যাটসম্যান শেষ ওভারে দুটি ছক্কা মারেন পেসার ব্লেসিং মুজারাবানিকে। দ্বিতীয়টি ছিল ১০৪ মিটার। পরের বলে ক্যাচ দিয়ে শেষ হয় তার ইনিংস।
আকিল অপরাজিত থাকেন ১৮ বলে ২ চারে ২৩ রান করে। রাজা ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
রান তাড়ায় জিম্বাবুয়ের ব্যাটিংয়ের শুরুতে ছিল দারুণ কিছুর ইঙ্গিত। প্রথম ওভারে মেয়ার্সকে তিনটি চার মারেন রেজিস চাকাভা। পরের ওভারে আকিলকে একটি মারেন ওয়েসলি মাধেভেরে। ২ ওভারে আসে ২৯ রান। কিন্তু শুরুর জুটি ভাঙতেই পথ হারিয়ে বসে তারা।
পরের ওভারে আক্রমণে এসে চাকাভাকে বোল্ড করে দেন জোসেফ। এই পেসারের পরের ওভারে দারুণ এক ইয়র্কারে বোল্ড হয়ে যান টনি মুনিয়োঙ্গা।
পরের তিন ওভারে জিম্বাবুয়ে হারায় আরও ৩ উইকেট। আগের ম্যাচে দারুণ ফিফটি করা রাজা ও উইলিয়ামস টিকতে পারেননি। মাধেভেরে ১৯ বলে ২৭ রান করে ক্যাচ দেন জেসন হোল্ডারের বলে।
৬৪ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি। বার্লের ১৭ ও জঙ্গুয়ের সর্বোচ্চ ২৯ রানে পরাজয়ের ব্যবধানই কমে শুধু। হোল্ডার ৩.২ ওভারে ১২ রানে নেন ৩ উইকেট।
দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারায় আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে চার দলেরই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকে আছে। দুই ম্যাচে প্রত্যেকের জয় একটি করে।
আগামী শুক্রবার শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে মুখোমুখি হবে স্কটল্যান্ডের।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৫৩/৭ (মেয়ার্স ১৩, চার্লস ৪৫, লুইস ১৫, পুরান ৭, পাওয়েল ২৮, ব্রুকস ০, হোল্ডার ৪, আকিল ২৩*, স্মিথ ১*; এনগারাভা ৩-০-২০-০, চাটারা ৩-০-২২-০, মুজারাবানি ৪-০-৩৮-২, বার্ল ৩-০-২৭-০, রাজা ৪-০-১৯-৩, উইলিয়ামস ৩-০-১৭-১)
জিম্বাবুয়ে: ১৮.২ ওভারে ১২২ (মাধেভেরে ২৭, চাকাভা ১৩, মুনিয়োঙ্গা ২, উইলিয়ামস ১, রাজা ১৪, শুম্বা ২, বার্ল ১৭, জঙ্গুয়ে ২৯, এনগারাভা ২, চাটারা ৩, মুজারাবানি ১*; মেয়ার্স ১-০-১৭-০, আকিল ৪-০-২৫-১, জোসেফ ৪-০-১৬-৪, ম্যাককয় ৩-০-১৯-১, হোল্ডার ৩.২-০-১২-৩, স্মিথ ৩-০-৩১-১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩১ রনে জয়
ম্যান অব দ্য ম্যাচ: আলজারি জোসেফ
আপনার মন্তব্য