স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২ ২২:৫৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ: শচিনের ফেবারিটের তালিকায় বাংলাদেশ নেই

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে। সাবেক ক্রিকেটাররা তাদের মতামত জানাচ্ছেন। ক্রিকেট গ্রেট শচিন টেন্ডুলকারও আছেন এই দলে। তিনি বিশ্বকাপে তার ফেবারিট নাম প্রকাশ করেছেন। নিজেদের হারিয়ে খোঁজা বাংলাদেশ ক্রিকেট দল অনুমিতভাবেই নেই শচিনের ফেবারিটের তালিকায়।

প্রথম পর্বে অনেক কিছুই ঘটছে। নামিবিয়ার কাছে এশিয়ার সেরা শ্রীলঙ্কা কিংবা স্কটল্যান্ডের কাছে রেকর্ড দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে। অনেকেই এই বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ বলতে চাইলেও শচিন সেটা মানতে নারাজ। তিনি মনে করছেন, প্রথম রাউন্ডে খেলা কোনো দল সেমিফাইনালে যেতে পারবে না।

তার বিশ্বাস, নিজ দেশ ভারতের সঙ্গে শেষ চারে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া, ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান ও ২০১০ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টারকে ৪৯ বছর বয়সী কিংবদন্তি বলেছেন, ‘আমার শীর্ষ চার দল হচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।’

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরু হচ্ছে শনিবার। মেলবোর্নে পরদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। তাদের গ্রুপে রয়েছে বাংলাদেশও।

আপনার মন্তব্য

আলোচিত