স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২২ ১৭:৩৭

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠেছে জিম্বাবুয়ে। গত আসরে জায়গা না পাওয়া জিম্বাবুয়ে এবার স্কটল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছে এলিট পর্বে।

শুক্রবার হোবার্টে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের জয় ৫ উইকেটে। ১৩৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ৯ বল বাকি থাকতে।

টস জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রান তোলে স্কটল্যান্ড। দলকে একাই টেনেছেন স্কটল্যান্ড ওপেনার জর্স মুন্সে। তিনি ৫১ বলে সাত চারে ৫৪ রানের ইনিংস খেলেছেন। টপ অর্ডারে অন্য দুই ব্যাটার ভালো খেলেননি। মিডল অর্ডারে রিচি বেরিংটন ১২ করে ফিরে যান। পাঁচে নামা কালাম ম্যাকলিওড ২৬ বলে করেন ২৫ রান।

জবাব দিতে নেমে ৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। তৃতীয় উইকেট জুটিতে ৩৫ রান যোগ করে দলটি। তবে চারে নামা শট উইলিয়ামসের তাতে অবদান মাত্র ৭ রান। ৪২ রানে ৩ উইকেট হারানো দলকে জয়ের কাছে এনে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা।

ওপেনার ক্রেগ আরভিনের সঙ্গে রাজা গড়েন ৬৪ রানের জুটি। ক্রিজে এসে সেট হওয়ার পর ঝড়ো শুরু করেন তিনি। ফিরে যাওয়ার আগে এই স্পিন অলরাউন্ডার ২৩ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন। সুবাস নাকে আসা দূরত্বে জয় রেখে ফিরে যান আরভিনও। তিনি খেলেন ৫৪ বলে ছয়টি চারে ৫৬ রানের দারুণ ইনিংস। পরের অল্প পথটা পাড়ি দেন মিল্টন সুম্বা ও রায়ান বার্ল।

এর আগে জিম্বাবুয়ের হয়ে পেসার টেন্ডি সাতারাই এবং রিচার্ড এনগ্রাভা দারুণ বোলিং করেছেন। তারা ৪ ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ১৪ ও ২৮ রান দিয়ে দুটি করে উইকেট নিয়েছেন। স্পিনার রাজা ৪ ওভারে ২০ রান দিয়ে উইকেট নিয়েছেন একটি।

জিম্বাবুয়ে পরের ধাপে পা রাখল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। সেখানে দুই নম্বর গ্রুপে তারা খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত