২৬ অক্টোবর, ২০২২ ১২:৪১
বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। মেলবোর্নে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। বৃষ্টির জন্য ম্যাচ কিছুক্ষনের জন্য বন্ধ থাকলে পুরো ম্যাচই মাঠে গড়িয়েছে। আইরিশ ব্যাটাররা উড়ন্ত সূচনা করলেও শেষ দিকে ইংলিশ বোলারদের তোপে ১৫৭ রানেই গুটিয়ে যায় অ্যান্ড্রু বালবার্নির দল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা আইরিশরা দারুণ এক শুরুই পেয়েছিল। ইনিংসের তৃতীয় ওভারে পল স্টার্লিংকে হারালেও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি আর উইকেটরক্ষক লরকান টাকারের কল্যাণে পাওয়ারপ্লেতে তুলে ফেলেছিল ৫৯ রান। দশ ওভার শেষে সেই রানটা গিয়ে ঠেকল ৯২-তে।
তবে ব্যক্তিগত ৩৪ আর দলীয় ১০৩ রানে টাকার রান আউট হয়ে ফিরে যেতেই বিপাকে পড়ে যায় আইরিশরা। তার বিদায়ের এক বল পরই হ্যারি টেক্টর আউট হন রানের খাতা খোলার আগে।
বালবার্নির লড়াইটা চলেছে আরও কিছুক্ষণ, ফিফটিও ছুঁয়ে ফেলেছেন এরপর। শেষমেশ থেমেছেন ৪৭ বলে ৬২ রান করে। দলীয় ১৩২ রানে তিনি ফিরলেন। আইরিশদের ইনিংসটাও তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এরপর। মার্ক উড আর লিয়াম লিভিংস্টোনের তোপে ১৩২-৩ থেকে চোখের পলকে ১৩৮-৬ হয়ে যায় দলটির স্কোরকার্ড।
গ্যারেথ ডেলানির অপরাজিত ১০ বলে ১২ রানের ইনিংসে আইরিশরা ১৫০ রান পেরিয়েছে এরপর। তবে উইকেট খোয়ানো বন্ধ হয়নি। তাই ইনিংসের চার বল বাকি থাকতেই ১৫৭ রানে অলআউট হয় দলটি। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন তিনটি করে আর স্যাম কারান নেন দুটি উইকেট।
আপনার মন্তব্য