নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২ ০৯:৪১

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ দুপুরে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটির সিলেট বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (১৯ নভেম্বর)। দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। দলের মহাসচিব কেন্দ্রীয় নেতারা শুক্রবার রাতে গণসমাবেশস্থলে পৌঁছেছেন।

এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। আগের দিন (শুক্রবার) রাতেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তবে পথে পথে নানা প্রতিবন্ধকতার মুখামুখি হওয়ার অভিযোগ করেছেন তারা।

সমাবেশকে কেন্দ্র করে নগরের আলিয়া মাদ্রাসা ময়দানসহ আশপাশের এলাকায় ব্যানার, বিলবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। দিকে সমাবেশে যোগ দিতে শুক্রবার বিকাল থেকেই মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা। রাতে তারা সমাবেশের মাঠে অবস্থান করেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে। দুপুরের মধ্যে পুরো নগরী সমাবেশের নগরীতে রূপ নিবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে। ১৯টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া ৪জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ৪টি মোবাইল টিম মাঠে রয়েছে। বরাবরের মতো সমাবেশকে ঘিরে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

এদিক শুক্রবার থেকে সিলেট অঞ্চলের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৩৬ ঘণ্টার এবং সিলেট জেলায় সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল, নতুন নিবন্ধন বন্ধসহ ৩ দফা দাবিতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির ডাকে এ ধর্মঘট শুরু হয়।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও তিনটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। আগামী ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত