স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০২২ ১৪:২১

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

আজ রোববার (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে রাত ১০টায় শুরু হবে ময়দানী লড়াই। তার আগে আল বায়াত স্টেডিয়ামে হবে মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠান। কী থাকছে এই অনুষ্ঠানে?

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে কারা পারফর্ম করবে তাদের নাম উল্লেখ করেনি ফিফা। তবে বিশ্বের বড় ক্রীড়া আসরের মতোই বর্ণিল আলো ও নানা রংয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি জাকজমকপূর্ণ করার চেষ্টা করেছে স্বাগতিক দেশটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ইংলিশ পপ তারকা ডুয়া লিপা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুয়া লিপা নিজেই জানিয়েছেন তিনি কাতারে পারফর্ম করবেন না। কারণটা সকলেরই জানা, নারী ও অভিবাসী শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্ক নিয়ে কাতারের অবস্থান। তবে কাতারে মানবাধিকার নিশ্চিত হলে সেখানে যাওয়ার কথা ভাববেন বলে লিপা জানিয়েছেন।

শুধু লিপা নয় এর আগে কাতারে পারফর্ম করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রিটিশ পপ তারকা স্যার রড স্টুয়ার্ট। এই তারকা সানডে টাইমসকে বলেছেন, ‘আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ওখানে যাওয়া ঠিক নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করার জন্য ইরানেরও বিশ্বকাপ খেলার যোগ্যতা কেড়ে নেওয়া উচিত।’

তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী মঞ্চ মাতাবেন বলিউড সুপারস্টার নোরা ফাতেহি ও আমেরিকান গায়ক লিল বেবি।

এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। মরক্কোর জনপ্রিয় ড্যান্সার মানাল ও রেহমার সঙ্গে অফিশিয়াল গানটিতে নাচবেন নোরা ফাতেহি। তাদের সঙ্গে থাকছেন কাতারের স্থানীয় নৃত্যশিল্পীরা। এ ছাড়া মঞ্চ মাতাবেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস। চলতি বিশ্বকাপের অফিশিয়াল মাসকট লে’ইব। এটি একটি আরবি শব্দ। এর অর্থ ‘অতি দক্ষ খেলোয়াড়’। অনুষ্ঠানের এক পর্যায়ে যা প্রদর্শন করা হবে। আতশবাজির ঝলকানিতে শেষ হবে ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের জন্য আরও কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করেছিল ফিফা। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে দেশটির রক্ষণশীল আইনের কঠোর বিধি-নিষেধের কারণে একে একে পেছাতে শুরু করেন অনেকে। সেই তালিকায় ছিলেন পপ তারকা শাকিরা। কিন্তু কাতার বিশ্বকাপ বয়কটের ডাক দিয়ে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে সাড়া ফেলেছিলেন কলম্বিয়ান এই তারকা। এর আগে সরে দাঁড়ান ব্রিটিশ পপ সেনসেশন দুয়া লিপি ও নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’র তারকা জাং কুক, কলম্বিয়ান গায়ক জে বালভিনের। পুরো টুর্নামেন্টজুড়েই ‘ফিফা ফ্যান ফেস্টিভ্যালে’ পারফর্ম করবেন আমেরিকান র‌্যাপার ডি জে ক্যালবিন ও জামাইকান তারকা শন পল।

আপনার মন্তব্য

আলোচিত