২২ নভেম্বর, ২০২২ ১৩:৪০
বিশ্বকাপে মঙ্গলবার (২২ নভেম্বর) ডেনমার্কের বিপক্ষে লড়বে তিউনিসিয়া। কাতার বিশ্বকাপ দিয়ে বিশ্ব সেরার মঞ্চে ষষ্ঠবারের মতো অংশ নিচ্ছে ডেনমার্ক ও তিউনিসিয়া। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম একে অন্যের বিপক্ষে খেলবে দল দুটি। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ইউরোর শেষ আসরে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর দারুণভাবে ফিরে আসেন ক্রিস্টিয়ান এরিকসেন। তাকে নিয়েই কাতার জয়ের মিশনে এসেছে ডেনমার্ক। ২০২০ সালের সেমিফাইনালিস্ট ডেনমার্ক এ বছর উয়েফা নেশন্স লিগে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। তাই এ ম্যাচে নিশ্চিত ফেবারিট ডেনামর্ক।
তবে ছেড়ে কথা বলবে না তিউনিসিয়াও। যদিও স্বপ্ন খুব একটা নেই আফ্রিকার দেশটির। কারণ, তাদের হারানোর কিছু নেই; বরং চাপে থাকবে ইউরোপের ফেবারিটরা। এখন পর্যন্ত বিশ্বকাপে ১৫ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে তিউনিসিয়া।
এবার আফ্রিকান বাছাই পর্বের শেষ রাউন্ডে মালির বিপক্ষে জিততে বেগ পেতে হয় তিউনিসদের। দুই লেগ মিলিয়ে ১-০ অ্যাগ্রিগেটে জিতলেও সেই গোলটি ছিল আত্মঘাতী। প্রথম লেগে মালির মুসা সিসোকো ভুল না করলে এই বিশ্বকাপের টিকিটও পেত না কারতাজের ইগলরা।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থে এবারই প্রথম একে অন্যের বিপক্ষে খেলবে ডেনমার্ক-তিউনিসিয়া। এ ছাড়া তাদের পূর্বলড়াই মাত্র একবার। সেটাও ২০ বছর আগে। ২০০২ সালে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল ডেনিশরা। তাই বলাই যায়, লম্বা বিরতির পর ম্যাচটি হবে নতুনের মতোই।
আপনার মন্তব্য