২৫ নভেম্বর, ২০২২ ১৮:৪১
কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দেশ ওয়েলস ও এশিয়ার দেশ ইরান। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করেছিল ওয়েলস। এই ম্যাচ জিতে নকআউট পর্বে উন্নীতের যুদ্ধে বেশি এগিয়ে গেছে ইরান, ওয়েলস পড়েছে বাদ পড়ার শঙ্কায়।
শুক্রবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইরান জিতেছে ২-০ গোল।
গোলশূন্যভাবে যখন সমতায় শেষ হওয়ার পথে তখন শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ৩ মিনিটে ২ গোল করে ইরান। রুজবেহ চেশমির পর গোল করে ইরানের জয় নিশ্চিত করেন রামিন রেযাইয়ান। তাদের গোলে জয়ে ফিরল ইরান।
যোগ করা সময়ের অষ্টম মিনিটে ডি-বক্সের অনেক দূর থেকে নেওয়া জোরালো শটে গোল নিশ্চিত করেন রুজবেহ চেশমি। ঠিক তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রামিন।
খেলার শেষ সময়ে জোড়া গোল খেয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যাওয়া ওয়েলস গোল শোধের সুযোগই পায়নি।
খেলার ৮৬তম মিনিটে কাতার বিশ্বকাপের প্রথম লালকার্ড দেখেন ওয়েলসের গোলরক্ষক ডব্লিউ হেনেসি। গোলরক্ষকের জন্যে নির্ধারিত সীমা থেকে বেরিয়ে এসে নিয়মবহির্ভূতভাবে ইরানের এক খেলোয়াড়কে আঘাত করায় তাকে এ লালকার্ড দেখতে হয়।
খেলার ওই মুহূর্তে ইরান ফুটবল দলের স্ট্রাইকার মেহেদী তারেমি বল দখল করতে গেলে ওয়েলসের গোলরক্ষক হেনেসিও এগিয়ে আসেন। এসময় তিনি ডি-বক্স থেকে অনেকখানি বেরিয়ে এলে তারেমির সঙ্গে তার সংঘর্ষ হয়। হেনেসির ডান পায়ের বুটের নিচের অংশ তারেমির চোয়ালে আঘাত করে। এ ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) শরণাপন্ন হয়ে লালকার্ড দেখানোর সিদ্ধান্ত দেন।
এই জয়ে ইরানের নকআউট পর্বে যাওয়ার বেঁচে থাকল। আগামী ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচে চোখ তাদের এখন।
এদিকে, আজকের এই ম্যাচের মাধ্যমে ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপের আগ পর্যন্ত ওয়েলসের সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার ছিলেন ক্রিস গান্টার। রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড গ্যারেথ বেল ১০৯ ম্যাচ খেলা গান্টারের রেকর্ডে ভাগ বসিয়েছেন গত ম্যাচেই; যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ওয়েলস অধিনায়ক ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন। আজকের ম্যাচের মাধ্যমে গ্যারেথ বেলের আন্তর্জাতিক ম্যাচ হলো ১১০, গোল করেছেন তিনি ৪১টি।
ওয়েলস আগামী ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সবশেষ ১৯৫৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলস হেরেছিল ব্রাজিলের কাছে; ব্যবধান ছিল ১-০।
আপনার মন্তব্য