স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২ ২৩:৪৪

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে সেনেগাল

বিশ্বকাপের শেষ ষোলোতে যেতে ইকুয়েডরের ড্রয়ের দরকার ছিল, অন্যদিকে জয় ছাড়া বিকল্প ছিল না সেনেগালের। ম্যাচ থেকে এক পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হলো লাতিন আমেরিকার দেশটি। তাদেরকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিল সেনেগাল।

মঙ্গলবার (২৯ নভেম্বর) আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে সেনেগাল।

সেনেগালের পক্ষে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন ইসমাইলা সার। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোইসেস কাইসেদু সমতা ফেরানোর পর জয়সূচক গোলটি করেন অধিনায়ক কালিদু কলিবালি।

এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপ খেলা সেনেগাল গ্রুপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয়বারের মত নকআউট পর্বে উন্নীত হলো। গত বিশ্বকাপে সেনেগাল গ্রুপ পর্যায় থেকে বাদ পড়লেও ২০০২ বিশ্বকাপে আফ্রিকার দেশটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।

ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সেনেগালের, কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি ইদ্রিসা গানা গেই। এর ছয় মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে বোলায়ে দিয়া শট লক্ষ্যে রাখতে পারেননি।

৪৪তম মিনিটে পিয়েরো ইনকাপিয়ে ফরোয়ার্ডকে ফাউল করাতেই পেনাল্টি পায় সেনেগাল। সফল স্পট কিকে সেনেগালকে এগিয়ে নেন ইসমাইলা সার।

৬৭তম মিনিটে সমতা ফেরায় লাতিন আমেরিকার দলটি। কর্নার থেকে গোলমুখে বল পেয়ে গোল করেন কাইসেদো।

১-১ গোলে সমতা টেকে মাত্র আড়াই মিনিট। ফ্রি-কিক থেকে কলিবালির গোলে এগিয়ে যায় সেনেগাল। নিজের ৬৭তম ম্যাচে এসে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেলেন এই ডিফেন্ডার।

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে হলো রানার্সআপ। ৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে বিদায় নিল ইকুয়ডের। তিন হারে শূন্য পয়েন্টে বিদায় স্বাগতিক কাতার।

স্বাগতিক কাতারকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ইকুয়েডর। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিল ড্র। অন্যদিকে, সেনেগাল শুরুতে নেদারল্যান্ডসের কাছে হারার পর কাতারকে হারিয়েছিল দ্বিতীয় ম্যাচে।

আপনার মন্তব্য

আলোচিত