২৮ ফেব্রুয়ারি , ২০২৩ ১০:৪৯
কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে দুরন্ত অবদান রাখার সুবাদে লিওনেল মেসি জিতেছেন ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড।
সোমবার প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পুরস্কারটির বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়।
সেরার লড়াইয়ে ২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত বিবেচিত সময়ে ক্লাব ফুটবলে আহামরি কিছু যদিও করতে পারেননি মেসি। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে প্রথম মৌসুম তার ভালো না কাটেনি। ২০২২-২৩ মৌসুমের শুরু থেকেই অবশ্য সেখানে আলো ছড়াতে শুরু করেন তিনি।
তবে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবলপ্রেমীদের ভোটে ফের ‘দ্য বেস্ট মেন’স প্লেয়ার’ হওয়ার পেছনে যে জাতীয় দলে তার পারফরম্যান্সই মূল ভূমিকা রেখেছে, তা বলার অপেক্ষা রাখে না। আরও বিশেষ করে বললে, কাতার বিশ্বকাপে পারফরম্যান্সে দেশকে বসিয়েছেন সেরার আসনে।
এদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন আলেক্সিয়া পুতেয়াস। ইংলিশ ফুটবলার বেথ মিড ও যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গ্যানকে হারিয়ে পুরস্কারটি জিতলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পুতেয়াস। ২০২১ ও ২০২২ সালের ব্যালন দ’রও জিতেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ বিজয়ীরা:
বেস্ট ফিফা ওমেনস প্লেয়ার: অ্যালেক্সিয়া পুতেয়াস
বেস্ট ফিফা মেনস প্লেয়ার: লিওনেল মেসি
বেস্ট ফিফা ওমেনস কোচ: সারিনা ভিগমান
বেস্ট ফিফা মেনস কোচ: লিওনেল স্কালোনি
বেস্ট ফিফা ওমেনস গোলকিপার: মেরি আর্পস
বেস্ট ফিফা মেনস গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
ফিফা পুসকাস অ্যাওয়ার্ডস: মারচিন ওলেকসি
বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: আর্জেন্টিনার সমর্থক
আপনার মন্তব্য