স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০২৩ ২৩:২৭

খেলা ইংল্যান্ডের সঙ্গে, টিকিটে পতাকার ছবিতে যুক্তরাজ্য

বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের টিকিটে ভুল চোখে পড়েছে।

বুধবারের ম্যাচের জন্য মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিটে ইংল্যান্ডের পতাকার বদলে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা হয়েছে।

ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড মিলে যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। অলিম্পিকে যুক্তরাজ্যের পতাকাই অবশ্য ব্যবহার করে ইংল্যান্ড। তবে ক্রিকেটে তারা ইংল্যান্ডের একক পতাকাই ব্যবহার করে। যেটা সাদার মধ্যে লাল যোগ চিহ্ন সম্বলিত।

কিন্তু আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের টিকিটে ইংল্যান্ডের বদল যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা হয়েছে।

এদিকে এটাকে ভুল মানতে নারাজ বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেছেন, '(পতাকার বিষয়টি) আমরা দেখেছি। এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম, তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ ব্যাপার।'

প্রধান নির্বাহী এমন ব্যাখ্যা দিলেও আইসিসি বা ইসিবির ওয়েবসাইটে মূলত ইংল্যান্ডের স্বতন্ত্র পতাকার ছবিই ব্যবহার হয়ে আসছে।

উল্লেখ্য, বিসিবির আয়োজনে ম্যাচে টিকিটে ভুল অবশ্য নতুন নয়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ সকাল ১০টায় শুরু হলেও টিকিটে লেখা ছিল রাত দশটায় শুরু! ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের টিকিটে বাংলাদেশ নামের বানানেই ভুল করা হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত