১২ এপ্রিল, ২০২৩ ০৩:৪৬
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এগিয়ে গেল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে হারিয়েছে তারা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে। গোল ব্যবধান ৩-০।
এই জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে অজেয় থাকার রেকর্ডকে ২৫তম ম্যাচ পর্যন্ত নিয়ে গেল।
রদ্রির গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া ম্যান সিটির পক্ষে বাকি গোল দুটো করে বের্নার্দো সিলভা ও আর্লিং হালান্ড।
খেলায় প্রথম গোল আসে ম্যাচের ২৭তম মিনিটে। বের্নার্দো সিলভার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বুলেট গতির বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন রদ্রি।
ম্যাচের ৭০তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। জ্যাগ গ্রিলিসের প্রেসিংয়ে নিজেদের পোস্ট থেকে ২৫ গজ দূরে বলের নিয়ন্ত্রণ হারান উপামেকানো। এরপরব্যাকহিলে সেই বল গ্রিলিস বাড়িয়ে দেন হালান্ডকে। দুর্দান্ত এক ক্রসে অরক্ষিত বের্নার্দো সিলভার দিকে বল বাড়ান হালান্ড। হেডে লক্ষ্যভেদ করে দলকে জোড়া গোলের লিড এনে দেন পর্তুগিজ তারকা।
৭৬তম মিনিটে দুর্দান্ত ক্রস থেকে জন স্টোনস হেডে বল বাড়ান হালান্ডের দিকে। নিঁখুত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এই নরওয়েজীয় তারকা।
আগামী বুধবার রাতে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি।
একই সময়ে শুরু শেষ আটের আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে ২-০ গোলে জিতেছে ইতালির দল ইন্টার মিলান। এই লড়াইয়ের ফিরতি লেগও মাঠে গড়াবে আগামী বুধবার, ইন্টার মিলানের মাঠে।
আপনার মন্তব্য