১৩ এপ্রিল, ২০২৩ ০৩:৩৩
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ ক্লাব চেলসিকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। দুটো গোলেরই অ্যাসিস্ট করেন ভিনিসিয়াস জুনিয়র।
এই ম্যাচটি রিয়াল তারকা করিম বেনজেমার মাইলফলকের ম্যাচ। এ ম্যাচের মাধ্যমে বেনজেমা রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের অংশীদার হলেন। ১৩০ ম্যাচ খেলে যৌথভাবে তিনি আছেন সের্হিও রামোসের সঙ্গে। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তাদের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল ইকের ক্যাসিয়াস। ক্যাসিয়াসের ম্যাচ সংখ্যা ১৫০!
রামোসকে স্পর্শ করা ম্যাচে গোলের খাতা খুলতে দেরি করেননি বেনজেমা। ম্যাচের ২১তম মিনিটে দানি কারভাহাল চিপ করে চেলসি ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ভিনিসিয়াসের দিকে বল বাড়ান। ভিনিসিয়াস পা বাড়িয়ে বল গোলমুখের দিকে পাঠালে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি চেলসি গোলরক্ষক। সামনেই থাকা বেনজেমা বিনা বাধায় বল জালে জড়িয়ে দেন।
৫৯তম মিনিটে ১০ জনের দল হয়ে যায় চেলসি। বল পেয়ে দুরন্ত গতিতে গোলমুখে এগিয়ে যাওয়া রদ্রিগোকে হাত দিয়ে আটকানোর চেষ্টা করে লালকার্ড দেখেন বেন চিলওয়েল।
ম্যাচের ৭৪তম মিনিটে দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদ। এ গোলের অ্যাসিস্টে সেই ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের কাছ থেকে পাওয়া বল থেকে ঠান্ডা মাথায় প্লেসিং শটে জালে জড়ান মার্কো আসেনসিও।
আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি।
একই সময়ে শুরু আরেক ম্যাচে নাপোলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে এসি মিলান। আগামী মঙ্গলবার হবে ফিরতি লেগ।
আপনার মন্তব্য