স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৩ ১২:৪৩

আল নাসেরের হারের রাতে হলুদ কার্ড দেখলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর দিনটা বড্ড খারাপই গেল। সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে তার দল আল নাসর হেরেছে ২-০ গোলে, এ ম্যাচে আবার হলুদ কার্ড পেয়েছেন সিআর সেভেন।

কিং ফাহাদ স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ এপ্রিল) আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। আধিপত্যে এগিয়েছিল অবশ্য হিলালই। তাদের দাপটে ৪২ মিনিটে প্রথম গোলটি হজম করে আল নাসর। পেনাল্টি পেয়ে হিলালকে এগিয়ে নেন ওডিওন ইঘালো। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় হিলাল।

বিরতি থেকে ফেরার পর ধীরে ধীরে বাড়তে থাকে ম্যাচের বয়স। ৫৭ মিনিটে হলুদ কার্ড পান রোনালদো। এ নিয়ে আল নাসরের হয়ে ৩টি হলুদ কার্ড দেখলেন পর্তুগিজ তারকা। এর আগে সৌদি প্রো লিগে একটি ও কিংস কাপে আরেকটি হলুদ কার্ড পেয়েছিলেন তিনি।

৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করে হিলাল। পেনাল্টি থেকে এবারও গোল করেন ওডিওন। এ হারের কারণে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠা হল না নাসরের। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা আল ইত্তিহাদ আছে সবার উপরে।

আপনার মন্তব্য

আলোচিত