০৪ মে, ২০২৩ ১২:০৮
ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিল অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোলের দখলে। কাল রাতে সেটা ভেঙে ফেললেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড।
১৯৯৩-৯৪ মৌসুমে শিয়েরার ও ১৯৯৪-৯৫ মৌসুমে কোল ৪২ ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। আর তাদেরকে মাত্র ৩৩ ম্যাচেই ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার সিটির তারকা।
রেকর্ড গড়ে সতীর্থ ও কোচিং স্টাফদের কাজ থেকে গার্ড অব অনার পেয়েছেন হালান্ড।
হালান্ডকে গার্ড অব অনার দেওয়া নিয়ে কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘সে একজন আনন্দদায়ক একজন ফুটবলার। তাকে পেয়ে আমরা খুশি। লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও হয়তো ভাঙবে, ভবিষ্যতে সেই ভাঙতে পারে। কারণ সে অনেক গোল করবে। অ্যান্ডি কোল ও অ্যালেন শিয়েরার অবিশ্বাস্য স্ট্রাইকার। তবে মনে করি, সে এটির যোগ্য ছিল। আর যখন কোনো বিশেষ উপলক্ষ আসে তখন দেখাতে হয় এটা বিশেষ কিছু।’
হালান্ডের রাতে গার্দিওলারও একটি রেকর্ড হয়েছে। স্প্যানিশ কোচের অধীনে ম্যানসিটি ১০০০ গোল পেয়েছে।
ইতিহাদে প্রথমার্ধে ওয়েস্ট হামের বিপক্ষে কোনো গোল করতে না পারলেও বিরতির পর ৩ গোল দেয় স্বাগতিকেরা। গোল তিনটি করেছেন নাথান আকে, হালান্ড ও ফিল ফোডেন। তাদের গোলেই প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা।
এ জয়ে আবারও পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে সিটি। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। আর দুইয়ে থাকা আর্সেনাল এক ম্যাচ বেশি খেলেও ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭৮।
রাতের অন্য ম্যাচে ঘরের মাঠে ফুলহামকে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ৩৯ মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টিতে প্রতিপক্ষকে ১-০ গোলে হারায় অল রেডরা। এ জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়ার দৌড়টা তাদের এখনও টিকে রয়েছে। তবে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্টে সেরা চারে থাকার লড়াইটা বেশ কঠিন তাদের জন্য। তিন ও চারে থাকা নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড তাদের চেয়ে কম ম্যাচ খেলে পয়েন্টে বেশ এগিয়ে থাকায় সুযোগ পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আপনার মন্তব্য