১১ মে, ২০২৩ ১০:৩২
ছবি: রয়টার্স
খেলার ৮ মিনিটের মাথায় প্রথম গোল, আর ১১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল; এখানেই শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগে মিলান ডার্বি। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই খেলা শেষ।
বুধবার রাতে সান সিরোতে তাই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলান এসি মিলানকে হারিয়েছে ২-০ গোলে। আগামী মঙ্গলবার (১৬ মে) হবে দ্বিতীয় লেগের ম্যাচ।
ইউরোপিয়ান টুর্নামেন্টে দুই দলের পাঁচবারের দেখায় এই প্রথম এসি মিলানকে হারাল ইন্টার মিলান। আগের চার দেখায় দুবার জিতেছিল মিলান, অন্য দুটি ড্র হয়েছিল।
ম্যাচের ৮ মিনিটে ইন্টার মিডফিল্ডার হাকান চালহানোলুর কর্নার থেকে আসা বলে বাঁ পায়ে সাইড ভলি করলেন এডিন জেকো। এগিয়ে গেল ইন্টার মিলান।
১১ মিনিটে ইন্টারের দ্বিতীয় গোল। এবার সেই বাঁ দিক থেকে ফেদেরিকো দিমারকো পাস দেন বক্সের বাইরে। প্রথম স্পর্শে বল ধরে ভেতরে ঢুকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন হেনরিখ মাখিতারিয়ান।
আপনার মন্তব্য