স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২৩ ১৪:৪৪

মেসিকে ফেরাতে প্রচেষ্টার কমতি করবে না বার্সা

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করা এবং মৌসুম শেষে প্যারিসের ক্লাবটি ছাড়ার সম্ভাবনায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আসছে জুনে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে, তাই তার পরবর্তী গন্তব্য নিয়েও চলছে জোর আলোচনা। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের সম্ভাব্য গন্তব্যের তালিকায় রয়েছে সাবেক ক্লাব বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মিয়ামি।

গত মার্চে শোনা গিয়েছিল, বার্সায় ফেরার বিষয়টিকে মেসি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন। এমনকি মেসির এক সময়কার ক্লাব সতীর্থ এবং বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজও নাকি ৩৫ বছর বয়সী আর্জেন্টাইনকে ফিরে পেতে উন্মুখ। মাঝে বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তেও ৭ বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারকে ন্যু ক্যাম্পে ফেরানোর চেষ্টার ব্যাপারে মুখ খুলেছিলেন।

কিন্তু বার্সেলোনা আর মেসি চাইলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ন্যু ক্যাম্পে ফেরার পথে অনেক বাধা রয়েছে। আর্থিক প্রতিবন্ধকতা (লা লিগার ফেয়ার প্লে পলিসি) তার মধ্যে অন্যতম। তুলনামূলক উন্নতি হলেও বার্সেলোনা এখনও ভালোই আর্থিক সমস্যায় জর্জরিত রয়েছে। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে চাইলে কিছু খেলোয়াড় ছেড়ে দেওয়ার পাশাপাশি কাতালান ক্লাবটিকে বেতনের সীমাও (১৮০ মিলিয়ন ইউরো) কমাতে হবে।

তবে যতই সীমাবদ্ধতা থাকুক না কেন, মেসিকে ন্যু ক্যাম্পে ফেরাতে বার্সার প্রচেষ্টার কোনো কমতি থাকবে না। বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তোর কথায়ও সেটাই প্রতিধ্বনিত হলো। হিহান্টেসকে তিনি বলেন, মেসিকে বার্সেলোনায় ফেরাতে আমরা আমাদের পক্ষে সম্ভাব্য সবকিছুই করব। আমি এটা বলে দিতে পারি।

কাতালান ক্লাবটির প্রেসিডেন্টে আরও বলেন, শক্তিশালী দল গড়ার লক্ষ্যে ফিনান্সিয়াল ফেয়ার প্লের সঙ্গে সামঞ্জস্য রেখে আমারা নিজেদের করণীয় নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি।

রোববার (১৪ মে) এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই ২০২২-২৩ মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত করে ফেলেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। লিওনেল মেসির প্রস্থানের পর বার্সার প্রথম লিগ শিরোপা এটি। সব মিলিয়ে ২৭তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো ব্লাউগ্রানারা।

১৯৯৯ সালের পর মেসিকে ছাড়া প্রথমবারের মতো বার্সেলোনার লা লিগা জেতার দিনে ক্লাবের সহ-সভাপতি রাফা ইউস্তে বলেন, মেসি? যারা আজ লা লিগা উদযাপন করছে, সে তাদের অনেকেরই ভালো বন্ধু। আমি নিশ্চিত সে আনন্দিত।

মাত্র ১৩ বছর বয়সে ক্লাবের অ্যাকাডেমি লা ম্যাসিয়ায় যোগ দিয়ে বার্সেলোনায় পা রেখেছিলেন লিওনেল মেসি। এরপর থেকে দিন যত এগিয়েছে, ততই কাতালান ক্লাবটির সমার্থক হয়ে উঠেছিলেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিওনেল মেসির গায়ে বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি দেখতে হবে- এক সময় এমনটা দূরতম কল্পনায়ও আনেননি ফুটবলপ্রেমীরা।

কিন্তু ফুটবল বিশ্বের চোখ কপালে তুলে দিয়ে বছর দেড়েক আগে বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। লা লিগার আর্থিক কাঠামোগত প্রতিবন্ধকতায় বার্সেলোনা থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অশ্রুসজল বিদায় আবেগে ভাসিয়েছিল কাতালান ক্লাবটির সমর্থক থেকে শুরু করে সবাইকেই। ন্যু ক্যাম্প ছাড়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দলের জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে রেকর্ড সর্বোচ্চ ৬৭২ গোল করেন মেসি, সেই সঙ্গে ক্লাবের হয়ে জেতেন ৩৫টি শিরোপা।

আপনার মন্তব্য

আলোচিত