০৮ জুন, ২০২৩ ০০:৫৫
ছবি : ফ্যাব্রিজিয়ো রোমানোর অফিসিয়াল ফেসবুক পেজ
সিরিয়াস ফুটবল ছেড়ে আমেরিকান সকার লিগে নাম লেখাচ্ছেন লিওনেল মেসি। সব জল্পনা শেষে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি।
পিএসজির সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে আলোচনায় ছিল বার্সেলোনায় ফেরার, অথবা সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়ার। কিন্তু সেটা হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সকার লিগকে বেছেন নিলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন।
বুধবার বিবিসির প্রতিবেদনে মেসির ইন্টার মিয়ামিতে যোগদানের তথ্য আসে।
বিবিসির প্রতিবেদনের বাইরে মেসির ইন্টার মিয়ামিতে যোগদানের তথ্য জানান দলবদল বিষয়ে নির্ভরযোগ্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো। বুধবার (৭ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন রোমানো। সেখানে তিনি জানান, মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির চুক্তি সম্পন্ন হয়ে গেছে। কয়েক ঘণ্টার মধ্যে মেসি নিজেই সেটি জানাবেন।
বিবিসি জানিয়েছে, আরও এক মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন মেসি। কিন্তু কোনো সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় তার বেছে নেওয়ার জন্য ছিল ইন্টার মিয়ামি ও আল হিলালের মধ্যে যে কোনো একটি।
মেসির ইন্টার মিয়ামিকে বেছে নেওয়ার কারণ হিসেবে আর্থিক বিষয়টি উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। এর মধ্যে সেখানকার জীবনযাত্রার বিষয় যেমন আছে, তেমনি ফুটবলের বাইরেও বিস্তৃত বড় সব ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়ও আছে। বিশেষ করে অ্যাডিডাস ও অ্যাপলের সঙ্গে চুক্তি। মিয়ামিতে একটি বাড়িও আছে মেসির।
বার্সেলোনার আর্থিক দুরাবস্থার কারণেই বাধ্য হয়ে ক্লাবটির সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্কের পাঠ চুকিয়ে ২০২১ সালে আগস্টে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। প্যারিসে তার দুই মৌসুমের সময়ে দুবারই লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। কিন্তু দুবারই তারা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে।
পিএসজিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫ ম্যাচে মেসি গোল করতে পারেন ৩২টি। এবারের লিগ ওয়ানে ১৬ গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেন তিনি। সেখানে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে।
আপনার মন্তব্য