১৫ জুন, ২০২৩ ১২:০৩
ছবি: সংগৃহীত
৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ প্রথম ঘণ্টায় অলআউট হয়ে গেছে। দ্বিতীয় দিনে মাত্র ২০ রান করতে পারে বাংলাদেশ, অলআউট হয় ৩৮২ রানে।
বাংলাদেশের ব্যাটিং ধসের শুরুটা মেহেদী হাসান মিরাজকে দিয়ে। ফিফটি থেকে দুই রান দূরে থাকতে ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ।
চার বল পর তাঁর পথ অনুসরণ করেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত এই ম্যাচে আফগানদের সেরা বোলার নিজাত মাসুদের শর্ট লেংথ থেকে লাফিয়ে ওঠা বলটা ঠিকঠাক খেলতে ব্যর্থ হন মুশফিক। তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটকিপারের গ্লাভসে। ৪৭ রান করেছেন মুশফিক।
এরপর তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামকেও ফেরান নিজাত। অভিষেক টেস্টে ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন এই পেসার।
মাঝে তাসকিন আহমেদকে ফেরান ইয়ামিন।
প্রথম দিনের খেলা শেষ মজা করে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বলেছিলেন, বাংলাদেশের শেষ ৫ উইকেট নিতে চান ১০ রানের মধ্যে। লাঞ্চের মধ্যে বাংলাদেশকে অলআউট করে দিতে চান তারা। মাসুদ ও ইয়ামিনের দারুণ বোলিংয়ে লক্ষ্য পূরণ করতে লাগল স্রেফ ৪৫ মিনিট আর ৭ ওভার।
আফগানিস্তান কোচ নিজেও হয়তো ভাবতে পারেননি, তার ওই কৌতুক করে বলা কথাটিই প্রায় বাস্তবে রূপ নেবে! ১০ রানে না হলেও ৯ রানের মধ্যে শেষ ৫ উইকেটে হারাল বাংলাদেশ। দ্বিতীয় দিনে স্কোরকার্ডে জমা হলো আর কেবল ২০ রান।
আপনার মন্তব্য