স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০২৩ ১০:৪৫

ইন্দোনেশিয়াকে ২ গোলে হারাল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

এশিয়া সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচেও জিতল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ব্যবধান সেই একই; ২-০।

সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত ম্যাচে একাদশে ছিলেন না লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া। তবে জয় পেতে বেগ পেতে হয়নি লিওনেল স্কালোনির দলকে।

দুই দলের শক্তির তারতম্য অনেক। ফিফা র‍্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান ১৪৯। অসম এই লড়াইয়ে যার অনুবাদও হলো মাঠে। বলের দখল থেকে আক্রমণ, আধিপত্য ছড়াল আর্জেন্টিনাই। সে তুলনায় গোলের সংখ্যাটা নেহায়েত সামান্যই!

আক্রমণাত্মক মেজাজে খেলা আর্জেন্টিনাকে গোল পেতে অপেক্ষা করে হয় প্রথমার্ধ বিরতির ৭ মিনিট আগে। লিয়ান্দ্রো পারেদেস বলটা মাঝমাঠে ফাঁকায় পেতেই করে বসেন দূরপাল্লার এক শট। সেটা রক্ষণকে তো ফাঁকি দিলই, ফাঁকি দিয়ে বসে ইন্দোনেশিয়ান গোলরক্ষক এরনান্দো আরিকেও। সে এক গোলই আর্জেন্টিনাকে এনে দেয় লিড।

পরের গোলটা পেতে অবশ্য আলবিসেলেস্তেদের বেশি অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটেই ব্যবধানটা দ্বিগুণ করে দলটি। কর্নার থেকে ভেসে আসা বলটা প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে গিয়ে পড়ে ক্রিশ্চিয়ান রোমেরোর কাছে। তার হেডার গিয়ে আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার জালে।

শেষ পর্যন্ত এই দুই গোলেই হাসিমুখে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত