সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০২৩ ১৭:২৪

র‌্যাংকিয়ে বড় লাফ শান্তর

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের ঠিক আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান ওপেনার তামিম ইকবাল। আর অধিনায়ক সাকিব আল হাসান তো স্কোয়াডেই ছিলেন না। তাই দারুণ চাপে ছিল বাংলাদেশ। মাঠের খেলায় নাজমুল হোসেন শান্তর দারুণ পারফরম্যান্সে সেই চাপ পেছনে ফেলে পেয়েছে রেকর্ড গড়া জয়। দলের দুই সেরা তারকার অভাব বুঝতেই দেননি শান্ত।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়া নাজমুল হোসেন শান্ত পুরস্কার পেয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়েও। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই টাইগার টপ অর্ডার ব্যাটার। এক টেস্টেই ১১২ রেটিং পয়েন্ট লাভ করে ২৫ ধাপ এগিয়েছেন শান্ত। ৭৯তম স্থান থেকে ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৫৪ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক বাঁহাতি ব্যাটার মুমিনুল হকেরও। বাজে ফর্মে থাকা মুমিনুল ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে কাটিয়েছেন ২২ মাসের সেঞ্চুরি খরা। তাতে রেটিং পয়েন্ট বেড়েছে ৩০। ফলে ৫০৪ রেটিং পয়েন্ট নিয়ে ৫৩তম স্থানে উঠে এসেছেন তিনি। এর আগে তিনি ছিলেন ৬০ নম্বরে।

তবে চোটের কারণে এই টেস্টে খেলতে না পারলেও  র‍্যাঙ্কিংয়ে হেরফের হয়নি তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। আগের মতোই ৫৪৫ পয়েন্ট নিয়ে ৪৬ নম্বরে তামিম ও ৫৭৭ পয়েন্ট নিয়ে ৪০ নম্বরে সাকিব আল হাসান।

আগের জায়গায় আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ৬৮২ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে লিটন ও ৬৫৬ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে মুশফিকুর রহিম। 

আপনার মন্তব্য

আলোচিত