২৬ জুন, ২০২৩ ১৬:৪৭
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরে বাংলাদেশকে অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য হাসান তিলকারত্নে। যিনি এখন বাংলাদেশ নারী দলের কোচ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার তিলকারত্নে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই বাংলাদেশ শিরোপার দাবিদার দলগুলোর মধ্যে একটি। পুরো পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জেতার জন্য তাদের দলে সব ধরনের উপকরণ আছে। তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং একসঙ্গে থেকে একে অপরকে সাহায্য করতে হবে। আমি নিশ্চিত, এই দলের বিশ্বকাপ জেতার সব উপকরণ আছে।’
১৯৯৬ সালে বিশ্বকাপ হয়েছিল উপমহাদেশে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসেছিল আসর। কন্ডিশনির সুবিধা তাই ভালোভাবেই কাজে লাগাতে পেরেছিল শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপ ভারতে হওয়ায় বাংলাদেশও কন্ডিশনের সুবিধা পাবে বলে মনে করেন তিলকারত্নে।
৫৫ বছর বয়সী সাবেক উইকেটকিপার ব্যাটার বলেন, ‘সেবার বিশ্বকাপ উপমহাদেশের কন্ডিশনে হওয়ায় সেটি আমাদের সাহায্য করেছে। ওই সময়ে আমাদের দলটি অভিজ্ঞ ছিল। এখনকার বাংলাদেশ দলের মতোই। আমি সেটিই বলছি। বাংলাদেশে এখন বিশ্ব মানের ক্রিকেটাররা আছে। তারা যদি নিজেদের ওপর বিশ্বাস রাখে এবং একসঙ্গে থাকে, তাহলে পুরো পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জিততে পারে।’
আপনার মন্তব্য