স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০২৩ ১৭:৪৯

বৃষ্টিতে আবারও বন্ধ খেলা

সাগরিকার পাড়ে বৃষ্টি যেন লুকোচুরিই খেলছে। খানিক আগেই রোদের তাপে তাকানোই যাচ্ছিল না। এখন আবার শুরু হলো বৃষ্টি। তাতেই দ্বিতীয়বারের মতো বন্ধ রাখা হলো বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির বাগড়ায় বন্ধ রয়েছে খেলা। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান। ক্রিজে রয়েছেন তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

সাগরিকায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফগান পেসারদের তোপ সামলাতে হিমশিম খেতে থাকেন তামিম ইকবাল ও লিটন দাস। আফগান পেসার ফজল হক ফারুকির প্রথম ওভারের প্রথম পাঁচ বলে বেশ বেগ পেতে হয়েছিল টাইগার অধিনায়ক। সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন তিনি। কিন্তু ফারুকির ব্যক্তিগত চতুর্থ ওভারেই হতাশ হয়ে মাঠ ছাড়েন তামিম।

অফ-স্টাম্পের বাইরের বলটি কাট করে বাউন্ডারি হাঁকিয়ে গর্জে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কিন্তু এবার বেশ খানিকটা লাইন পরিবর্তন করলেন ফারুকি, এই বলে আলতো করে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনেন টাইগারদের অন্যতম সেরা এই ব্যাটার।

আর তামিমকে ফিরিয়ে পাওয়ার প্লেতেই প্রথম উইকেটের দেখা পেয়ে যায় আফগানিস্তান। ১৩ রানে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শুরুতে তামিম ফেরার পর চাপ সামলে নিয়ে খোলস ছেড়ে বের হতে শুরু করেন লিটন দাস। কিন্তু বের হওয়ার আগেই তাকে থামতে হয় মুজিব উর রহমানের শিকার বনে। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৬ রান।

লিটনের বিদায়ের পরপরই মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ব্যর্থতার বেড়াজাল ছিড়ে বের হতে ব্যর্থ হয়ে এবারও তাকে মাঠ ছাড়তে হয় ১২ রান করে। এরপর চতুর্থ উইকেটে ব্যাট করতে আসে তৌহিদ হৃদয়। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হসান। এ দুই জনের জুটিতে দলীয় শতরান পার করে টাইগাররা।

তবে দলীয় শতরান করে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি সাকিব। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা বলে দলীয় ১০৯ রানে আউট হন টাইগার অলরাউন্ডার। এতে হৃদয়ের সঙ্গে সাকিবের জুটি থামল ৩৭ রানে। ৩৫ বলে ১৪ রান করেন সাকিব আল হাসান। এর পর পঞ্চম উইকেটে আসেন মিষ্টার ডিপেন্ডবল মুশফিকুর রহিম। তবে উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি এই মুশফিক। সাকিবের আউট হওয়ার তিন রান ব্যবধানে রশিদ খানের করা বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৩ বলে করেন ১ রান।

ষষ্ট উইকেটে আসেন এর আগে দুই সিরিজে বাদ পরা বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। আজ নিজেকে প্রমান করার সুযোগ ছিলো এই ক্রিকেটারের। তবে ব্যর্থ হন আফিফ। রশিদের লেগ স্পিন ব্যাকফুটে ভর করে ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন আফিফ, তবে মিস করে প্যাডে লাগে বাঁহাতি এই ব্যাটারের। আম্পায়ার প্রথমে সাড়া দেননি।

তবে আফগানিস্তান রিভিউ নিলে,বল ট্র্যাকিং আউট হন টাইগার এই ব্যাটার। ফলে ৪ রান করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ৫ রান করে ফজল হক ফারুকির বলে লেগ বি ফোরের ফাঁদে পড়েন এই অলরাউন্ডার।

আপনার মন্তব্য

আলোচিত