স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই, ২০২৩ ১১:৪১

তামিমকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান পাপনের

বিদায় ঘোষণার কোন এক মুহূর্তে তামিম ইকবাল

হঠাৎই অবসর নেওয়া ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আশা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার দুপুরে তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত জানানোর পর রাতে জরুরি বৈঠকে বসে বিসিবি। বৈঠক শেষে নাজমুল হাসান পাপন এমনটা জানান।

বৈঠক শেষে বিসিবি প্রধান এক সংবাদ সম্মেলনে তামিমকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। নাজমুল হাসানের কথা অনুযায়ী, বিসিবির কাছে এখনো বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিমই। তবে তামিম কোনো কারণে যদি অধিনায়কত্ব না করেন, তাহলে দল পরিচালনা করবেন লিটন দাস।

বোর্ড প্রধানের বক্তব্য ছিল এমন, ‘আমাদের কাছে ওয়ানডে অধিনায়ক তামিম। এখন অবধি এটাই আছে। কোনো কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন খেলা পরিচালনা করবে। আছে লিটন দাস।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, আমরা চাচ্ছি তামিম সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। সে তো আমাদের কাছে পদত্যাগ করেনি!’

নাজমুল হাসান পাপনের ভাষ্যে জানা যায়, তামিম নাকি বোর্ড প্রধানের কাছে তার ভবিষ্যৎ ভাবনার কথাও জানিয়েছিলেন। পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে ছিল তামিমের।

তামিমের অবসরের প্রসঙ্গে কিছুই জানতেন না এমনটাই জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর সঙ্গে কয়েকবার কথা বলেছি ভবিষ্যৎ নিয়ে। সে বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি বিশ্বকাপে সে-ই ক্যাপ্টেন। বিশ্বকাপটা যেহেতু সামনে, ক্যাপ্টেনসি বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের প্লেয়ারদের কাছ থেকে যে অবাক হই, এটা আমাদের জন্য দুঃখজনক।’

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।

তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের (বুধবারের) ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এ মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

আপনার মন্তব্য

আলোচিত