স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০২৩ ১৬:৩৩

ইমার্জিং এশিয়া কাপে ওমানকে উড়িয়ে বাংলাদেশের রেকর্ড জয়

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত পুরুষদের ইমার্জিং এশিয়া কাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কায় উদ্বোধনী দিনে স্বাগতিক লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাইফ হাসানের দল।

কলম্বোতে ওমানের দেওয়া ১২৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দাপটের সঙ্গে ২০১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৭তম ওভারে এর আগে কখনোও বাংলাদেশ 'এ' দল জয়ের দেখা পায় নি, ওমানের বিপক্ষে এই জয় জুনিয়র টাইগারদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে ওমান।

টাইগারদের হয়ে শুরুতেই আঘাত হানেন পেসার রিপন মন্ডল। এই ডানহাতি বোলারের দেখানো পথে হাঁটেন আরেক তানজিম হাসান সাকিব। দলীয় ৯ রানে ২ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওমান। মিডেল অর্ডার ব্যাটাররা একে একে ফিরেছেন সাজঘরে।

আয়ান খান ও ওপেনার প্রজাপতি কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন। দলীয় ৫৪ রানে ৪ উইকেট হারালে অল্পতেই ঘুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে ওমান। শেষদিকে শয়েব খানে ২৩ রানের ইনিংসে ভর করে ১২৬ রানে থামে ওমানের ইনিংস। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট নেন সাকিব।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আগুন ঝড়ানো শুরু করেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। এই বাঁহাতি ব্যাটারের ঝড়ো অর্ধশতকে ১৭তম ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তামিম।

এই জয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচ থেকে এক জয়ে তিন পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত