১৬ জুলাই, ২০২৩ ১১:৫৪
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আজ।
রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
টি-স্পোর্টস ও গাজী টিভি দ্বিতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ২ উইকেটে। আফগানদের ৭ উইকেটে করা ১৫৪ রানের জবাবে বাংলাদেশ জয় পায় এক বল হাতে রেখে। দলের পক্ষে দুরন্ত ব্যাট করেছেন তাওহীদ হৃদয় ও শামিম হোসেন পাটোয়ারি।
আজ সিলেটে এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা হবে বাংলাদেশের। এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে এই ফরমেটে সিরিজ জেতেনি বাংলাদেশ। গত ম্যাচসহ এখন পর্যন্ত দলটির বিপক্ষে ১০ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মোটে ৪, অপরদিকে আফগানিস্তানের জয় ৬টি ম্যাচ।
এরআগে আফগানিস্তানের বিপক্ষে দুটো টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে একটিতে হোয়াইটওয়াশও হয়েছিল টাইগাররা। অপর সিরিজটি হয়েছিল ১-১ ড্র।
আজকের ম্যাচ জিতলে কেবল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজই জয় হবে না বাংলাদেশের, একইসঙ্গে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও গড়বে তারা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিনটি সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ।
এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান। সাকিবদের এই কাছ থেকে এর জবাব পাওয়া যাবে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আপনার মন্তব্য