স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই, ২০২৩ ১১:০৯

২৭-০: ভিডিও গেম নয়, বায়ার্নের গোলসংখ্যা এটা!

বায়ার্ন মিউনিখ ২৭, হোটাফ ইগান ০; এতটুকু দেখে এটাকে ভিডিও গেম বলে ভুল করতেই পারেন, কিন্তু বাস্তবে এটাই ঘটেছে। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এমনই গোলের পর গোল করেছে দলটি।

বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা ম্যাচের তিন মিনিটে প্রথম গোল করেছেন। ৮৯ মিনিটে শেষ গোল করেন সাদিও মানে।

মাঝে আরও ২৫ গোল করেছে বায়ার্ন মিউনিখ। সব মিলিয়ে মঙ্গলবার রাতে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে হোটাফ ইগানের বিপক্ষে ২৭-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।

বিশাল এই জয়ের ম্যাচে প্রথমার্ধে ১৮-০ গোলের লিড নেয় বায়ার্ন। প্রথমার্ধেই পাঁচ গোল করেন জামাল মুসিয়ালা।

এছাড়া ম্যাথাস টেল প্রথমার্ধে করেন পাঁচ গোল। সের্গি গিনাব্রি তিন গোল দেন।

দ্বিতীয়ার্ধের নয় গোলের মধ্যে তিনটি করেন ম্যান ইউনাইটেড থেকে ধারের মেয়াদ শেষ করে বায়ার্নে ফেরা সাবিটেজ।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, তিন ম্যাচ মিলিয়ে গোলের হিসাবটা দাঁড়াল ৭০-২। দুটো দল তিনবার মুখোমুখি হয়েছে, এর মধ্যে এই তিন ম্যাচ মিলিয়ে একটি দল সত্যি সত্যিই ৭০ গোল হজম করেছে!

২০১৮ থেকে এ পর্যন্ত তিনবার হোটাফের মুখোমুখি হয়েছে বায়ার্ন। ২০১৮ সালে জিতেছিল ২০-২ গোলে, ২০১৯ সালে ২৩-০ গোলে এবং কাল ২৭-০।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২৬ জুলাই প্রীতি ম্যাচ খেলবে বায়ার্ন। এ ছাড়া লিভারপুলের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে জার্মান ক্লাবটি। জার্মান সুপার কাপে ১২ আগস্ট লাইপজিগের মুখোমুখি হয়ে নতুন মৌসুম শুরু করবে বায়ার্ন।

আপনার মন্তব্য

আলোচিত