স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট, ২০২৩ ১৭:৩৮

আলোচিত সৌদি প্রো-লিগ শুরু হচ্ছে আজ

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নাম লেখানোর আগে বিশ্বের কজনই বা নাম জানত সৌদি প্রো-লিগের নাম। অথচ এখন সবাই জানে। সবাই খবর রাখে। এখন পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রে এখন এই লিগ।

সৌদির সেই আলোচিত পেশাদার লিগ শুরু হচ্ছে আজ। আজ রাত ১২টায় আল আহিল সৌদি ও আল হাজমের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে সৌদি প্রো লিগ।

গল্পের শুরুটা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব ‘আল নাসরে’ যখন তিনি নাম লেখালেন তখন থেকে। সে সুবাদে ইউরোপিয়ান ফুটবলের রাজা ৩৮ বছর বয়সে এসে এশিয়ায় পা রেখেছেন। দৈনিক ৭ কোটি মজুরিতে!

নতুন মৌসুম শুরুর আগে এক ডজনেরও বেশি ইউরোপিয়ান ফুটবলার পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। অপেক্ষায় আছেন ব্রাজিলিয়ান ফুটবলার উইলিয়ানও। রোনালদোকে অনুসরণ করে রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমা আল ইত্তিহাদে নাম লেখান। বছরে আয় করবেন ৮১৬ কোটি টাকা।

তারপর ইংলিশ জায়ান্ট চেলসির চার ফুটবলার একসঙ্গে পাড়ি জমান সেখানে। যার মধ্যে তিনজনই আল নাসরে। এনগুলো কন্তে, কালিদু কুলিবালি ও হাকিম জিয়েচ সঙ্গী হন সিআরসেভেনের। এডুয়ার্ড মেন্ডি যুক্ত হন আল আহিলে।

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ ধনী দেশটির আকর্ষণীয় প্রস্তাবে সাড়া দিয়ে একে একে সেখানে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা, জর্ডান হেন্ডারসন ও সাদিও মানের মত তারকারা। আর এ কারণেই হঠাৎ করেই ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর বাইরে গিয়ে ফুটবল বিশ্বকে সৌদি লিগের মত অচেনা একটি আসরের প্রতি মনোযোগী হতে হচ্ছে।

প্যারিসের স্কেমা বিজসেন স্কুলের স্পোর্টস ও জিওপলিটিক্যাল ইকনোমি বিভাগে অধ্যক্ষ সাইমন চাডউইক এএফপিকে বলেছেন, ‘সৌদি আরব ইংলিশ প্রিমিয়ার লিগের মত হতে চায়। তাদের প্রতি গণমাধ্যমগুলোও মনোযোগী হচ্ছে। আমার জানামতে অনেকেই এখন এমন প্রশ্নও করছে, কোথায় তারা এই সৌদি লিগের ম্যাচগুলো দেখতে পারবে।’

সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির অর্থনীতিতে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। বিশ্ব যেখানে অন্য জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেখানে সৌদি যুবরাজ বুঝতে পারেন তাদের শুধুমাত্র তেলের উপর নির্ভর করে থাকলে চলবে না।

সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম জনপ্রিয় দৈনিক আল রিয়াদের প্রধান সম্পাদক মকবেল আল-জাবনি বলেছেন, ‘যুবরাজ চাইছেন পেশাদার ফুটবলকে মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের একসঙ্গে ছড়িয়ে দিতে।’

জানুয়ারিতে রিয়াদের ক্লাব আল নাসরে রোনালদো আসার পর থেকে সৌদি লিগের অন্য শীর্ষ ক্লাবগুলো নড়েচড়ে বসে। সবগুলো ক্লাবই আকর্ষণীয় মূল্যে ইউরোপের শীর্ষ খেলোয়াড় ও কোচদের একের পর এক প্রস্তাব দিতে থাকে।

আপনার মন্তব্য

আলোচিত