১১ আগস্ট, ২০২৩ ২৩:২৭
এএফসি কাপের প্লে-অফের ম্যাচে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে সিলেট স্টেডিয়ামে খেলবে ঢাকা আবাহনী।
আগামী ১৬ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামের মালদ্বীপের ক্লাবটির মুখোমুখি হবে আবাহনী।
এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই সিলেট এসে পৌঁছেছে ক্লাব ঈগলস। শুক্রবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকায় আসে দলটি। এরপর বিকাল ৪টার ফ্লাইটে সিলেট এসে পৌঁছায় তারা।
অতিথি দল সিলেট এসে পৌঁছালেও ঢাকা আবাহনী আসবে আরও পরে। আগামী ১৪ আগস্ট ঢাকার ক্লাবটি সিলেট আসবে।
এএফসি কাপের প্লে অফের ম্যাচটি ছিল ১৫ আগস্ট। এ দিন জাতীয় শোক দিবস ও আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রয়াণ দিবস। একই দিন ভারতের স্বাধীনতা দিবস। তাই আবাহনীর সঙ্গে ভারতীয় ক্লাব মোহনবাগান ম্যাচ পেছানোর অনুরোধ জানিয়েছিল। এ কারণে দুই ক্লাবের ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
গত বছর এএফসি কাপের প্লে অফে মোহনবাগানের কাছে হার মেনেছিল ঢাকা আবাহনী। এবার ঈগলসকে হারাতে পারলে ফের দেখা হবে মোহনবাগানের সঙ্গে। সেই ম্যাচটির সূচি ঠিক করা রয়েছে ২২ আগস্ট।
এএফসি কাপে সবশেষ বড় সাফল্যটা এসেছিল আবাহনীর হাত ধরে। ২০১৯ সালে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছিল দলটি। এবার অবশ্য আবাহনীকে এএফসি কাপে খেলতে হলে জিততে হবে প্লেঅফে। সে প্লেঅফের ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে বেছে নিয়েছে আবাহনী।
শেষ দুই মৌসুমে আবাহনী দুটো ভিন্ন ভেন্যু বেছে নিয়েছে ‘হোম’ হিসেবে। ২০২১-২২ মৌসুমে তাদের ঘরের মাঠ ছিল সিলেট আর শেষের দিকে থাকা চলমান মৌসুমে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এএফসি কাপ দিয়ে আবাহনী ফিরেছে পুরোনো ‘ঘরে’। সিলেট স্টেডিয়ামকেই বেছে নিয়েছে তারা ‘হোম’ হিসেবে।
সিলেট জেলা স্টেডিয়ামে কেবল ঘরোয়া ফুটবলই নয়, বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচও হয়েছে নিকট অতীতে। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে, চলতি বছরের শুরুতে সিশেলসের বিপক্ষে ম্যাচেরও ভেন্যু ছিল সিলেট। এবার আবাহনীর ‘হোম’ হিসেবে মহাদেশীয় আসরের ভেন্যুও হতে যাচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম।
আপনার মন্তব্য