১২ আগস্ট, ২০২৩ ১২:১৭
ইংলিশ প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে ফেরা বার্নলিকে ৩-০ গোলে হারানো ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড ও অন্য গোলটি করেছেন রদ্রি।
বার্নলির মাঠে ২০২৩-২৪ মৌসুমের উদ্বোধনী ম্যাচে চতুর্থ মিনিটে এগিয়ে যায় সিটি। কর্নারের পর ডে ব্রুইনের ক্রসে রদ্রির হেডে বল পান হালান্ড। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন তিনি।
৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডি বক্সে হুলিয়ান আলভারেসের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন হালান্ড। কোনো সুযোগই ছিল না বার্নলি গোলরক্ষকের।
ইউরোপের শীর্ষ ৫ লিগে এটি হালান্ডের শততম গোল। ৬৩ গোল করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে, ৩৭টি করলেন সিটির জার্সিতে।
২০ মিনিট পর ব্যবধান বাড়ান রদ্রি। কর্নারের জটলার মধ্যে আলগা বল পেয়ে খুব কাছ থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। কাইল ওয়াকারকে বিপজ্জনক ট্যাকল করে শুরুতে হলুদ কার্ড দেখেছিলেন আনাস জারোরি। ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি।
আপনার মন্তব্য