১৪ আগস্ট, ২০২৩ ১১:০৪
ছবি: এএফপি
দুই অর্ধে খেলোয়াড় আর কোচের লালকার্ড আর গোলশূন্য ড্র, এভাবেই শুরু হয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার এবারের মৌসুম।
রোববার রাতে গেটাফের পয়েন্ট হারিয়েছে জাভির দল।
গেটাফের বিপক্ষে এই ম্যাচ দিয়ে বার্সার হয়ে অভিষেক হয়েছে ইলকায় গুন্দোগানের। তবে সাবেক ম্যানচেস্টার সিটি তারকার অভিষেকের দিনটি স্মরণীয় হলো না।
পুরো ম্যাচেই বাজেভাবে খেলেছে জাভির দল। বিরতির আগেই রাফিনহার লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন কোচ জাভিও।
লাল কার্ড থেকে ছাড় পায়নি গেটাফেও। হাইমে মাতা লাল কার্ড দেখায় শেষ আধা ঘণ্টায় গেটাফে খেলেছে ১০ জন নিয়ে।
ম্যাচের চতুর্থ মিনিটেই সুযোগ পায় গেটাফে। বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে একা পেয়েও শট নিতে পারেননি হুয়ানমি লাতাসা।
ষোড়শ মিনিটে রাফিনহার ফ্রি কিক কোনোমতে ঠেকান গেটাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া।
৩৬ মিনিটে গেটাফে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রাফিনহা।
৪৩ মিনিটে গাস্তন আলভারেসকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন রাফিনহা।
গত আসরে লা লিগার সর্বোচ্চ স্কোরার ছিলেন রবার্ট লেভাদনভস্কি। বার্সার হয়ে ৬৩ মিনিটে গোল পেতে যাচ্ছিলেন! কিন্তু লাইন থেকে আলভারেজ সেটি ক্লিয়ার করলে হতাশ হতে হয় পোলিশ তারকাকে। এরপর মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ।
শেষ পর্যন্ত তিন লাল কার্ডের ম্যাচে জিততে পারেনি বার্সেলোনা। উত্তেজনা ছড়ানো ম্যাচ থেকে তাদের অর্জন ছিল শুধু একটি পয়েন্ট।
আপনার মন্তব্য