নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩ ১০:৪১

আজ সিলেট স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ঈগলস

ফাইল ছবি

এএফসি কাপের প্লে-অফের ম্যাচে আজ সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে খেলবে ঢাকা আবাহনী।

বুধবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ম্যাচ খেলতে গত শুক্রবার (১১ আগস্ট) সিলেট এসেছে ক্লাব ঈগলস। আবাহনী সিলেট এসেছে সোমবার।

গত কয়েকদিনের বৃষ্টিতে মাঠ ভেজা রয়েছে। মাঠের জায়গায়-জায়গায় জমেছে কাদা। এটা খেলায় প্রভাব রাখতে পারে বলে ভাবছেন ম্যাচ সংশ্লিষ্টরা।

আবাহনীর কোচ মারিও লেমোস মাঠ নিয়েও কথা বলেছেন সংবাদ সম্মেলন। বলেছেন, যদি ভারী বৃষ্টি হয়, তবে হয়তো সুন্দর ম্যাচ হবে না, কিন্তু আমাদের মূল লক্ষ্য জেতা এবং ম্যাচ জিতে পরের পর্বে যাওয়া।

আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন, ব্যবধান যাই হোক এই ম্যাচ আমাদের জিততেই হবে।

গত মৌসুম শিরোপাহীন কেটেছে ঢাকা আবাহনীর। স্বাধীনতা কাপে থামতে হয়েছে সেমিফাইনালে। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগে হয়েছে তারা রানার্স-আপ। তাই এই ম্যাচে জয় পেতে উন্মুখ দলটি।

এএফসি কাপের প্লে অফের ম্যাচটি ছিল ১৫ আগস্ট। এ দিন জাতীয় শোক দিবস ও আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রয়াণ দিবস। একই দিন ভারতের স্বাধীনতা দিবস। তাই আবাহনীর সঙ্গে ভারতীয় ক্লাব মোহনবাগান ম্যাচ পেছানোর অনুরোধ জানিয়েছিল। এ কারণে দুই ক্লাবের ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

গত বছর এএফসি কাপের প্লে অফে মোহনবাগানের কাছে হার মেনেছিল ঢাকা আবাহনী। এবার ঈগলসকে হারাতে পারলে ফের দেখা হবে মোহনবাগানের সঙ্গে। সেই ম্যাচটির সূচি ঠিক করা রয়েছে ২২ আগস্ট।

এএফসি কাপে সবশেষ বড় সাফল্যটা এসেছিল আবাহনীর হাত ধরে। ২০১৯ সালে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছিল দলটি। এবার অবশ্য আবাহনীকে এএফসি কাপে খেলতে হলে জিততে হবে প্লেঅফে। সে প্লেঅফের ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে বেছে নিয়েছে আবাহনী।

শেষ দুই মৌসুমে আবাহনী দুটো ভিন্ন ভেন্যু বেছে নিয়েছে ‘হোম’ হিসেবে। ২০২১-২২ মৌসুমে তাদের ঘরের মাঠ ছিল সিলেট আর শেষের দিকে থাকা চলমান মৌসুমে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এএফসি কাপ দিয়ে আবাহনী ফিরেছে পুরোনো ‘ঘরে’। সিলেট স্টেডিয়ামকেই বেছে নিয়েছে তারা ‘হোম’ হিসেবে।

সিলেট জেলা স্টেডিয়ামে কেবল ঘরোয়া ফুটবলই নয়, বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচও হয়েছে নিকট অতীতে। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে, চলতি বছরের শুরুতে সিশেলসের বিপক্ষে ম্যাচেরও ভেন্যু ছিল সিলেট। এবার আবাহনীর ‘হোম’ হিসেবে মহাদেশীয় আসরের ভেন্যুও হতে যাচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম।

আপনার মন্তব্য

আলোচিত