২৩ আগস্ট, ২০২৩ ১০:০৪
এএফসি কাপের গ্রুপ পর্বে ওঠার প্লে-অফে ভারতের মোহনবাগানের কাছে হেরে গেছে আবাহনী লিমিটেড।
কলকাতার সল্টলেক বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে মঙ্গলবার মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আবাহনী।
ম্যাচের ১৭তম মিনিটে স্টুয়ার্ট কর্নেলিয়াসের গোলে এগিয়ে যায় আবাহনী। কর্নারে বল ঘুরে চলে যায় ডেভিড ইফেগুইয়ের পায়ে। এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের শট গোলরক্ষক আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল টোকায় জালে জড়িয়ে দেন কর্নেলিয়াস।
৩৫তম মিনিটে লিস্টন কোলাসোকে বক্সে সুশান্ত ত্রিপুরা ফেলে দিলে পেনাল্টি পায় মোহনবাগান। অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড জ্যাসন কামিন্সের শট বলের লাইনে ঝাঁপিয়েও ফেরাতে পারেননি শহীদুল। সমতায় ফেরে প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপে মাচ্চিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়ে আসা মোহনবাগান।
৫৭তম মিনিটে সোলেমানির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আবাহনী। কোলাসের পাস দারুণ টোকায় কামিন্স বাড়ান উগো বুমুকে। এই ফরাসি মিডফিল্ডারের গোলমুখে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়েই জালে জড়ান সোলেমানি।
দুই মিনিট পরই ব্যবধান বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আইএসএলের গত মৌসুমের চ্যাম্পিয়ন মোহনবাগান। বাইলাইনের একটু উপর থেকে কোলাসোর পাস গোলমুখ থেকে টোকায় লক্ষ্যভেদ করেন আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্দো সাদিকু।
প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপে মালদ্বীপের ঈগলসকে ২-১ গোলে হারিয়েছিল ঢাকা আবাহনী।
আপনার মন্তব্য