স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৪ ০১:৪১

আরও এক প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের

প্রথমার্ধ শেষে দুই গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে ফল হলো উল্টো; ৩-২ গোলে জয় রিয়াল মাদ্রিদের। আলমেরিয়ার বিপক্ষে এই জয়ে লা লিগায় কিছু সময়ের জন্যে শীর্ষে ফিরেছিল স্পেনের সফলতম ক্লাবটি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার কার্লো আনচেলত্তির দল ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে। প্রথমার্ধে আরও একবার। এরপর দ্বিতীয়ার্ধে একতরফা খেলে ম্যাচ জিতল তারাই।

আলমেরিয়ার লার্জি রামাজানি আলমেরিয়াকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এদগার গনসালেস। পেনাল্টি থেকে জুড বেলিংহ্যাম ব্যবধান কমানোর পর সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ৯৮তম মিনিটের গোলে রিয়ালকে ৩ পয়েন্ট এনে দেন দানি কারভাহাল।

ম্যাচের ৩৮তম সেকেন্ডে লুকাস রবের্তোনির কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন রামাজানি। ঝাঁপিয়ে পড়ে কেপা আরিসাবালাগা গোল ঠেকাতে পারেননি।

প্রথমার্ধের শেষের দিকে আরও একবার এগিয়ে যায় আলমেরিয়া। দারুণ এক প্রতি-আক্রমণে ৪৩তম মিনিটে ব্যবধান বাড়ায় তলানির দলটি। এই ম্যাচে ডিফেন্ডার হিসেবে খেলা গনসালেস বুলেট গতির শটে ক্রসবার ও পোস্টের কোণা ঘেঁষে বল পাঠান জালে।

৫৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান বেলিংহ্যাম। চলতি মৌসুমে পেনাল্টি থেকে এটাই রিয়ালের প্রথম গোল; এর আগে দুটি ম্যাচে ব্যর্থ হয়েছিলেন রদ্রিগো ও হোসেলু। ডি-বক্সে ডিফেন্ডার কাইকির হাতে বল লাগলে ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৬৭তম মিনিটে একটি ক্রস থেকে বল জালে পাঠান ভিনিসিয়াস। শুরুতে রেফারি হ্যান্ডবলের বাঁশি বাজান। পরে ভিএআরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে গোল দেন তিনি।

যোগ করা সময়ে বেলিংহ্যামের হেডে বল পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন কারভাহাল। এই গোলেই নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের তিন পয়েন্ট আর শীর্ষে ওঠা।

২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। রাতের অপর এক ম্যাচে সেভিয়াকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষে ওঠেছে জিরোনা।

আপনার মন্তব্য

আলোচিত