০২ জুন, ২০২৪ ০৫:০৮
রেকর্ড ১৫ বারের ইউরোপ সেরা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে কার্লো আনচেলত্তির দল হারায় ২-০ গোলে। রিয়ালের হয়ে গোল করেছেন দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র।
এই শিরোপা রিয়ালের রেকর্ডের পাশাপাশি দলটির আরও চার ফুটবলারের ব্যক্তিগত অর্জনকে সমৃদ্ধ করেছে। ফুটবল ইতিহাসে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ী চার ফুটবলার এখন রিয়ালের টনি ক্রুস, নাচো ফের্নান্দেস, দানি কারভাহাল ও লুকা মদরিচ।
ক্রুস, মদরিচ, নাচো ও কারভাহাল রিয়াল মাদ্রিদের এই চার ফুটবলারের বাইরেও পাঁচটি ইউরোপা সেরা ট্রফি জেতা আরেক ফুটবলার রয়েছেন। তার নাম পাকো হেন্তো।
১৯৫৫–৫৬ থেকে ১৯৬৫–৬৬—এই ১০ মৌসুমে ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন পাকো হেন্তো। তিনিও ছিলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার। ২০২২ সালে অন্যলোকে পাড়ি জমানো এ কিংবদন্তি তার রেকর্ডটিকে অক্ষতই দেখে গেছেন। তবে হেন্তোর এ রেকর্ডটির সঙ্গে ৫৮ বছর পর আজ রাতে যুক্ত হলো রিয়ালের আরও চারজনের।
১৯৫৩ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত একটানা মোট ১৮ মৌসুম রিয়ালে খেলেন হেন্তো। এই সময়ে স্পেনীর ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে সর্বোচ্চ ১২টি লিগ শিরোপা, ৬টি ইউরোপিয়ান কাপের শিরোপা জিতেন। সব মিলিয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে সর্বোচ্চ ২৩টি শিরোপা জয়ের রেকর্ড গড়েন তিনি। প্রায় ৫০ বছর পর সুপার কোপা জিতে তার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসান ব্রাজিলিয়ান তারকা মার্সেলো।
রিয়ালের হয়ে ৬০০ ম্যাচে হেন্তোর গোলসংখ্যা ১৮২। জাতীয় দলে হেন্তো খেলতেন স্পেনের হয়ে। ১৯৫৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত স্পেনের হয়ে ৪৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন তিনি।
ভয়ানক গতি আর ড্রিবলিংয়ে মাঠের বাঁ প্রান্তে হেন্তো ছিলেন অপ্রতিরোধ্য। দূরন্ত গতির কারণে হেন্তোকে সবাই ডাকতেন ‘লা গালের্না দেল কান্তাব্রিকো’ (ক্যারিবিয়ান সাগরের প্রবল বাতাস) নামে। বল পায়ে ১১ সেকেন্ডের কম সময়ের মধ্যে ১০০ মিটার দৌড় শেষ করতে পারতেন তিনি।
ক্রুসের ছয় ট্রফির একটি অবশ্য বায়ার্ন মিউনিখের জার্সিতে। তবে বাকিদের সবগুলোই রিয়াল মাদ্রিদের হয়ে।
মদরিচ এবং কারভাহাল আবার অন্য এক উচ্চতায়। তারা দুজন এরই মধ্যে পাঁচটি করে ফাইনালে খেলে জিতেছেন। অন্যদিকে ক্রুস পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলের সদস্য হলেও তিনি মূলত খেলেছেন চারটি ফাইনালে।
২০১২–১৩ মৌসুমের ফাইনালে চোটের কারণে বায়ার্ন মিউনিখের হয়ে খেলা হয়নি ক্রুসের। রিয়াল অধিনায়ক নাচোর নামের পাশেও আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। যদিও তিনি ফাইনাল খেলেছেন মাত্র একটি। ২০১৮ সালের ফাইনালে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
একজন নয়, তার রেকর্ডে ভাগ বসালেন রিয়াল মাদ্রিদের চারজন ফুটবলার। পরলোকে বসে নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন পাকো হেন্তো!
আপনার মন্তব্য