০৫ জুন, ২০২৪ ০০:৪৬
কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কত নম্বর জার্সি পরে খেলবেন তিনি, এনিয়ে চলছে আলোচনা। সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানায়নি এখনো, তবে আলোচনা চলছে সমানে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এখনই এমবাপের পছন্দের ৭ নম্বর ও ১০ নম্বর জার্সি পাচ্ছেন না তিনি। এই জার্সিগুলো পরে খেলছেন ভিনিসিয়াস জুনিয়র ও লুকা মদ্রিচ।
ফ্রান্সের জাতীয় দল এবং পিএসজিতে ১০ নম্বর জার্সি পরেন এমবাপে। কিন্তু রিয়ালে সেই জার্সি পরেন লুকা মদ্রিচ।
ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। তবে তিনি নতুন করে আরও এক বছরের জন্য লস ব্লাঙ্কোসদের সঙ্গে মেয়াদ বাড়িয়েছেন। ফলে ৭ ও ১০ নম্বর জার্সি এখনই পাওয়া হচ্ছে না বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ তারকা এমবাপের। এর আগে আরেক ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা রিয়ালের ৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন। স্বদেশি সিনিয়রের জার্সি এবার গায়ে উঠতে যাচ্ছে এমবাপের।
ফরাসিদের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চেও ১০ নম্বর জার্সি পরে খেলেন এমবাপে। এরপর ২০২২ বিশ্বকাপে কাতারে তার হাতেই ওঠে নেতৃত্বের আর্মব্যান্ড।
এদিকে, এরআগে ৯ নম্বর জার্সি পরেছিলেন এমবাপে। ২০১৭ সালে মোনাকোর হয়ে ফ্রেঞ্চ কাপে ওই নম্বরে খেলেছিলেন তিনি। এর আগপর্যন্ত ফরাসি ক্লাবটিতে ২৯ নম্বর জার্সি পরতেন কিলিয়ান। পেশাদার ক্যারিয়ারে ওই ম্যাচটিতেই কেবল একবার তার গায়ে ৯ নম্বর জার্সি দেখা গিয়েছিল।
মোনাকো ও পিএসজি হয়ে পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে নাম লেখানো এই তারকা এখন পর্যন্ত জার্সি পরেছেন ১০, ১১, ১৩, ২৫, ৩৩ ও ৩৯ নম্বরের।
তাই নতুন ক্লাবে এমবাপে পরবেন ৯ নম্বর জার্সি। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথমে খেলেছিলেন ৯ নম্বর জার্সি পরে, ওই সময় আইকনিক ৭ নম্বর জার্সি পরে রিয়ালে খেলতেন রাউল গনজালেস।
আপনার মন্তব্য