স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০২৪ ০১:৫৯

স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেই থেমে গেলে স্বাগতিকদের স্বপ্নযাত্রা। উত্তেজনা ও রোমাঞ্চে ঠাসা ম্যাচে ইউলিয়ান নাগেলসমানের জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল দে লা ফুয়েন্তের স্পেন।

স্টুটগার্টে শুক্রবার (৫ জুলাই) রাতে অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্পেন।

নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শেষ দিকের গোলে জয় তুলে নিয়েছে সবশেষ ২০১২ আসরের চ্যাম্পিয়নরা।

জয়ী দলের পক্ষে গোল দুটি করেছেন দানি ওলমো ও মিকেল মেরিনো।

এবারের প্রতিযোগিতায় গ্রুপ পর্ব এবং শেষ ষোলোর ম্যাচগুলো মিলিয়ে সবচেয়ে সেরা পারফরম্যান্স ছিল এই দুই দলের। যৌথভাবে ইউরোর সবচেয়ে সফল দলও তারা। সর্বাধিক ৩ বার করে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে দুই দলই। কোয়ার্টার ফাইনালেই এমন দুই দলের মুখোমুখি লড়াইকে অনেকে ফাইনালের আগে আরেক ফাইনাল হিসেবে আখ্যা দিচ্ছিলেন। মাঠের লড়াইয়ের কথা বললে সত্যিকার অর্থেই তেমন মনজুড়ানো এক ম্যাচেরই স্বাদ পেয়েছেন ফুটবল-সমর্থকরা।

প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। বিরতির পর স্বাগতিকদের স্তব্ধ করে এগিয়ে যায় স্পেন। তরুণ তুর্কি লামিনে ইয়ামালের অ্যাসিস্ট থেকে গোলটি করেন দানি ওলমো।

গোল হজমের পর মরিয়া চেষ্টা চালিয়ে যেতে থাকে জার্মানি। কিন্তু কখনো স্পেন গোলরক্ষক উনাই সিমোন বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, কখনো বা আবার ভাগ্য সহায় হচ্ছিল না। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে ফ্লোরিয়ান ওয়ার্টজ গোল করে স্বাগতিক সমর্থকদের স্বস্তি এনে দেন।

অতিরিক্ত সময়ের লড়াইয়ে খানিকটা এগিয়ে ছিল জার্মানিই। কিন্তু ফুটবলে গোলই তো শেষ কথা। সেই গোল আদায় করে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্পেন।

আপনার মন্তব্য

আলোচিত