২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:১৪
বয়স বাড়লেও গোলের ক্ষুধা কমেনি ক্রিশ্চিয়ানো রোনারদোর। সঙ্গে বাড়ছে তার গোল সংখ্যাও। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের আরেকটু কাছে গেলেন তিনি।
সৌদি প্রো লিগে শুক্রবার আল ওয়েদাহর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছেন রোনালদো। মৌসুমে এটি রোনালদোর চতুর্থ আর ক্যারিয়ারে ৯০৩ তম গোল।
কিংস কাপের ম্যাচে বিশ্রামে থাকলেও এদিন শুরুর একাদশেই মাঠে নেমেছিলেন সিআরসেভেন।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, 'টানা তৃতীয় জয়।' সঙ্গে জুড়ে দেন ফায়ার ইমোজি।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। বেশ কয়েকটি ভালো সুযোগও পায় তারা। ২৭তম মিনিটে এগিয়ে যেতে পারত ক্লাবটি। তবে রোনালদো বল নিয়ে টেনে বক্সে গিয়ে হারিয়ে ফেলেন। অবশেষে ৪১তম মিনিটে ডেডলক ভাঙেন গাব্রিয়েল। সতীর্থের ক্রস থেকে আসা বল ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।
বিরতির পর গোল পান রোনালদো। ৫৬তম মিনিটে বক্সে আল নাসরের আল ঘান্নাম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর চেক করে নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা। এরপর আরও কিছু সুযোগ পান তারা। তবে গোল করা হয়নি আর।
শেষ দিকে আল নাসরের আল খাইবারিকে ফাউল করে লাল কার্ড দেখেন সফরকারী দলের ওয়ালিদ। তবে ১০ জনের দলে পরিণত হলেও আল নাসর সুযোগ কাজে লাগাতে পারেনি আর।
সৌদি প্রো লিগে এ মৌসুমে পাঁচ ম্যাচে এটি তৃতীয় জয় নাসরের। সঙ্গে দুই ড্রতে মোট ১১ পয়েন্টে টেবিলের ২-এ আছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলাল ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।
আপনার মন্তব্য