২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৩
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের খেলাও শেষের পথে। ওই সময়ে দলের এক নম্বর গোলরক্ষক নাহিদুল ইসলামকে তুলে বদলি হিসেবে আলিফ রহমান ইমতিয়াজকে মাঠে নামান বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটু। তরুণ এই গোলরক্ষকের দুর্দান্ত সেভেই ফাইনালে উঠেছে বাংলাদেশ।
শনিবার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা শেষে দুই দলের স্কোর ছিল ২-২।
৩২ মিনিটে পাকিস্তানের মোহাম্মদ শাহাব ও ৬২ মিনিটে আব্দুল রহমানের গোলে পিছিয়ে পড়ার পর ৭৪ মিনিটে এক গোল পরিশোধ করেন মোহাম্মদ মিঠু চৌধুরী। আর রিফাত কাজীর ক্রুসে মানিকের নিখুঁত প্লেসিং শটে সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর পেনাল্টিতে পাঁচটি করে শট নিয়ে দুই দলই পায় জালের দেখা।
সাডেন ডেথেও দুটি করে শটে লক্ষ্যভেদ করেন দুই দলের ফুটবলাররা।
৭-৭ ব্যবধানের পর পেনাল্টিতে অষ্টম শট নিতে আসেন পাকিস্তানের নাম্বার নাইন আব্দুল গনি। গোলরক্ষক ইমতিয়াজকে বোকা বানাতে দুই কদম এগিয়ে ডান পায়ের জোরালো শট নেন বক্সের ডান কোনায়। ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন ইমতিয়াজ।
সাডেন ডেথে তার স্বস্তির সেভের পর পেনাল্টি কিক নিতে আসেন বাংলাদেশের আশিকুর রহমান। দলকে ফাইনালে তোলার শটে কোনো ভুল করেননি আশিকুর। তার শট জাল খুঁজে নেওয়ার পরই উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের ডাগআউট।
আর ধারা-ভাষ্যকাররা প্রশংসায় ভাসান বাংলাদেশের কোচ সাইফুল বারীকে। তার ট্যাকটিকসেই দারুণ এই জয়।
আগামীকাল (সোমবার) শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
আপনার মন্তব্য