স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৩

মুগ্ধ লক্ষণ-শেবাগ, ‘হ্যাটস অফ’ বাংলাদেশকে

এশিয়া কাপের ফাইনালে শেষ বল পর্যন্ত লড়াই করে হারলেও বাংলাদেশের খেলায় নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন ভিভিএস লক্ষণ ও বীরেন্দ্রর শেবাগ। মূল দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের এমন লড়াইয়ে ‘হ্যাটস অফ’ বা ‘টুপি খোলা সম্মান’ জানিয়েছেন বাংলাদেশকে।

ভারতের সাবেক দুই ক্রিকেটার টুইটারে পৃথক বার্তায় নিজেদের দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন বাংলাদেশের লড়াকু মনোভাবের।

ভিভিএস লক্ষ্মণও বাংলাদেশের এই লড়াই, শরীরী ভাষায় মুগ্ধ। ভারতের সপ্তম এশিয়া কাপ জয়ের বন্দনার চেয়ে টুইটারে বাংলাদেশ স্তুতিতেই সময় বেশি দিয়েছেন সাবেক ব্যাটসম্যান। তাই শেবাগের মতোই বাংলাদেশের উদ্দেশ্যে টুপি খোলা সম্মান জানাচ্ছেন লক্ষ্মণ, ‘এশিয়া কাপ জেতায় ভারতকে অভিনন্দন। সাকিব ও তামিমকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তবু দৃঢ়চেতা মনোভাব দেখিয়ে দুর্দান্ত লড়াই করেছে, হাল ছাড়েনি এবং নিজেদের শেষ বিন্দু দিয়ে লড়েছে—এ কারণে তাদের প্রতি বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান।’

ফাইনালের পর বাংলাদেশকে প্রশংসাই শুনিয়েছেন শেবাগ। সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই ফাইনালে উঠেছে। ফাইনালেও ব্যাটসম্যানদের ব্যর্থতা আড়াল করে দিতে দাঁতে দাঁত চেপে লড়েছেন বোলাররা। শেষ বলে ম্যাচ টেনে নেওয়ার এ মনোভাব মুগ্ধ করেছে শেবাগকে, ‘বাংলাদেশ, এত কাছে তবু কত দূরে। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াও এমন উজ্জীবিত লড়াই উপহার দেওয়ায় বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি। এ জয়ের পরও ভারতের উন্নতির অনেক জায়গা আছে। আমি আশাবাদী ওরা আরও ভালো করবে।’

আপনার মন্তব্য

আলোচিত