স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর, ২০১৮ ০২:৫৭

ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার বড় জয়

সৌদি আরবে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইরাককে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ম্যাচ জেতে ৪-০ গোলের ব্যবধানে।

প্রথমার্ধে দলকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো পেরেইরা। শেষের দিকে জালের দেখা পান হের্মান পেস্সেইয়া ও ফ্রাঙ্কো সেরভি।

রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ম্যাচের অষ্টাদশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্তিনেস। মার্কোস আকুনার ক্রসে ইন্টার মিলান ফরোয়ার্ডের দারুণ হেড খুঁজে নেয় ঠিকানা।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো পেরেইরা। দিবালার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। ইরাকের ডিফেন্ডার ব্যস্ত ছিলেন দিবালাকে সামলাতে, সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি অক্ষিত পেরেইরা।

৮২তম মিনিটে কর্নার থেকে এদুয়ার্দো সালভিওর হেডে বল পেয়ে যান পেস্সেইয়া। ফিওরেন্তিনার এই ডিফেন্ডারের হেড জড়ায় জালে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আরও বাড়ান সেরভি। ওয়াল্তার কান্নেমানের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন বেনফিকার এই মিডফিল্ডার।

গত মাসে নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা।

আগামী মঙ্গলবার প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত