স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৮ ১৩:৪৩

ব্রাজিলের জয়ে জেসুস-সান্দ্রোর গোল

গাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স সান্দ্রোর গোলে সৌদি আরবকে হারিয়েছে ব্রাজিল।

শুক্রবার রাতে স্বাগতিকদের ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই গোল আসে দুই অর্ধের একেবারে অন্তিম সময়ে।

ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জেসুস প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেন। ম্যাচের যোগ করা সময়ে জাল খুঁজে নেন জুভেন্টাসের ডিফেন্ডার সান্দ্রো।

দ্বাদশ মিনিটে গোলমুখে প্রথম শট নেন নেইমার। তার সেই চেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক।

২৬তম মিনিটে নেইমারের ক্রসে জেসুসের হেড ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ছয় মিনিট পর শট লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।

৪৩তম মিনিটে গোলের অপেক্ষার অবসান ঘটান জেসুস। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস মউরাকে হতাশ করেন সৌদি গোলরক্ষক।

৮৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সৌদি আরবের মোহামেদ আল ওয়াইজ। এক জন কমার সুযোগ কাজে লাগায় ব্রাজিল। স্বাগতিকদের চেপে ধরে তিতের শিষ্যরা।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারেননি নেইমার। ষষ্ঠ মিনিটে নেইমারের কর্নার থেকে জুভেন্টাসের লেফট ব্যাক সান্দ্রোর দারুণ হেড জড়ায় জালে। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

বিশ্বকাপের পর এনিয়ে টানা তিনটি প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল। এর আগে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারানোর পর এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী মঙ্গলবার তিতের দল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত