১৪ অক্টোবর, ২০১৮ ১০:১১
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে হারিয়েছে নেদারল্যান্ডস।
আমস্টারডামে শনিবার রাতের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ডাচরা।
১৬ বছরের মধ্যে জার্মানির বিপক্ষে প্রথম জয় পেল নেদারল্যান্ডস। ২০০২ সালের নভেম্বরে আগের জয়টি পেয়েছিল তারা। এই প্রতিযোগিতায় গত মাসে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করে জার্মানি। আর ফরাসিদের মাঠে ২-১ গোলে হেরেছিল ডাচরা।
ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নারে মিডফিল্ডার রায়ান বাবেলের হেড ক্রসবারে লাগার পর ফিরতি বল হেডে জালে পাঠান লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক।
৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন মেমফিস ডিপাই। দারুণ এক পাল্টা আক্রমণে ডান দিক থেকে সেভিয়ার ফরোয়ার্ড কুইনসি প্রোমেসের পাস পেয়ে উঁচু শটে জাল খুঁজে নেন লিওঁর এই ফরোয়ার্ড।
আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষক মানুয়েল নয়ারের পায়ের নিচ দিয়ে বল ঠিকানায় পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন লিভারপুল মিডফিল্ডার ভেইনালডাম।
দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-১ এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। তৃতীয় স্থানে নেমে যাওয়া জার্মানির পয়েন্ট ১। শীর্ষে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পয়েন্ট ৪।
আপনার মন্তব্য