২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১০:৫৩
চোটের কারণে নেইমার ও এডিনসন কাভানির অনুপস্থিতিতে নিয়মিত গোল করে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ডের জোড়া গোলে লিগ ওয়ানে নিমকে হারিয়েছে পিএসজি।
শনিবার স্থানীয় সময় বিকালে ঘরের মাঠে ৩-০ গোলে জয়লাভ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ক্রিস্তোফা এনকুনকুর গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি।
৪০তম মিনিটে এগিয়ে যায় ম্যাচ জুড়ে বল দখলে ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা পিএসজি। মাঝমাঠ থেকে মার্কো ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল ডি-বক্সের মুখে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার এনকুনকু।
এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন ৬৯তম মিনিটে। বাঁ দিক দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে দুজন ডিফেন্ডারের মধ্যে দিয়ে হুয়ান বের্নাতের বাড়ানো বল ছোট ডি-বক্সের মুখে পেয়ে প্লেসিং শটে জালে ঠেলে দেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন তিনি।
আর ৮৯তম মিনিটে মাঝমাঠের কাছ থেকে এনকুনকুর বাড়ানো বল ধরে অনেকটা এগিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে জয় নিশ্চিত করেন রাশিয়া বিশ্বকাপে চার গোল করা এমবাপ্পে।
চলতি লিগে সর্বোচ্চ ২২ গোল এমবাপ্পেরই।
২৫ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬৮। এক ম্যাচ বেশি খেলা লিল ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
আপনার মন্তব্য