স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ২৩:৪১

১৩তম আন্তঃ মনিপুরী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সোমবার

বাংলাদেশের মনিপুরী সম্প্রদায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সোমবার (২৫শ ফেব্রুয়ারি)। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালারায় বিল গ্রামে বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সমিতি, ডালুয়া শাখা এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

সোমবার বিকাল ৩ টায় জাতীয় পতাকা ও সংগঠনের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হবে এ ক্রীড়া প্রতিযোগিতার। বাংলাদেশ মনিপুরী যুব অন্তঃক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করবেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. এম এ হান্নান, মনিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ ও বাংলাদেশ মনিপুরী যুবকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল কুমার সিংহ।

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত মনিপুরী সম্প্রদায়ের মোট ১৩টি দল অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতাকে ঘিরে কমলগঞ্জের ডালুয়া পরগনায় মিলন মেলায় পরিণত হবে বলে আশাবাদী আয়োজকরা।

প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে, ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, তীরন্দাজ, ৫০০ মিটার দৌড়, ম্যারাথন দৌড়। প্রতিযোগিতায় বাংলাদেশ মনিপুরী যুব কল্যাণ সমিতির ১৩ টি সাংগঠনিক শাখার দল মাধবপুর, তিলকপুর, বালিগাঁও, মাধবপুর, তেতইগাঁও, গোলেরহাওর, বিষগাঁও চুনারুঘাট, গোয়াইনঘাটের বিছনাকান্দি, কোম্পানীগঞ্জের মাঝেরগাঁও, ছাতকের ধনীটিলা,  সিলেটের মাছিমপুর ও স্বাগতিক ডালুয়া শাখা।

আয়োজক শাখার সাধারণ সম্পাদক রাজু সিংহ জানান, ক্রীড়ানুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দিনের বেলা ছাড়াও রাতেও কিছু ইভেন্টের খেলা চলবে। আমরা আয়োজকরা একটি সুন্দর খেলার আয়োজন উপহার দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আয়োজকরা আরো জানান, দূরবর্তী এলাকার টীমগুলোর জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বামযুকস’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল কুমার সিংহ জানান, কেন্দ্রের সাধারণ সভায় অনুমোদনক্রমে কোন অঞ্চল খেলা আয়োজন করবে তা নির্ধারণ করা হয়। এই খেলার মধ্যদিয়ে মনিপুরী যুবকরা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া ছাড়াও সমাজে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রতি আনবে বলে আমাদের বিশ্বাস।  ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. এম এ হান্নান বলেন, মনিপুরী জনগোষ্ঠী এই প্রতিযোগিতা সুস্থ ও সুন্দরভাবে সফল হোক এই কামনা করি।

আপনার মন্তব্য

আলোচিত