ক্রীড়া প্রতিবেদক

০১ মার্চ, ২০১৯ ২০:৫২

মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে বাংলাদেশ

মনিকা চাকমার একমাত্র গোলে মিয়ানমারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা। মিয়ানমারের মানডালার থিরি স্টেডিয়ামে শুক্রবার বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারায় বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে দলটি।

অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে মিয়ানমারের মান্দালা থিরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচে গোল করার সুযোগই পায়নি স্বাগতিক মিয়ানমার। বরং ৬৮ মিনিটে মাথায় কর্নার থেকে দারুণ এক গোল করে দলকে জয় এনে দেন মনিকা চাকমা।

দ্বিতীয় রাউন্ডের 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে চীন পিআর, ফিলিপাইন এবং মিয়ানমার। গ্রুপে এর আগের ম্যাচে চীন ৭-০ গোলে ফিলিপাইনকে হারিয়েছে। আর তাতেই দুই ম্যাচে দুই জয় নিয়ে চীন এবং বাংলাদেশ মেয়েদের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে।

চীন এবং মিয়ানমার অবশ্য গ্রুপের শক্ত দল। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে এই মিয়ানমারকে ৫-০ গোলে উড়িয়ে দেয় চীন। বাংলাদেশ তাদের বিপক্ষে জয় পেল ছোট ব্যবধানে। তবে দুই ম্যাচেই হেরে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন থমকে গেল মিয়ানমার এবং ফিলিপাইনের। দুই ম্যাচে ফিলিপাইন ১৭ গোল খেয়ে বিদায় নিয়েছে। নিয়ম রক্ষার ম্যাচে মিয়ানমার এবং ফিলিপাইন আরও একটি ম্যাচে খেলবে।

আর গ্রুপ পর্বে শীর্ষে থেকে থাইল্যান্ড যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ এবং চীন। ওই ম্যাচে জিততে অবশ্য বাংলাদেশের আরও ঘাম ঝরাতে হবে। কারণ শক্তির বিচারে তারা বেশ এগিয়ে। মিয়ানমার তারা বড় ব্যবধানে হারিয়েছে। আর বাংলাদেশ মেয়েদের হ্যাপা ভোগ করে জিততে হয়েছে। দুই ম্যাচে চীন প্রতিপক্ষের জালে দিয়েছে ১২ গোল। আর বাংলাদেশ দিয়েছে ১১ গোল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল তাই গোল ব্যবধানে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে।

আপনার মন্তব্য

আলোচিত